শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ, জনতার হাতে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্নাপাড়া গ্রামের গনি হাজির বাড়ির পারিবারিক গোরস্থান থেকে আজ ভোররাতে দুটি কঙ্কাল নিয়ে আটক হন জাকির হোসেন নামের এই যুবক
ছবি: সাদিক মৃধা

গাজীপুরের শ্রীপুরে কবর খুঁড়ে দুটি কঙ্কাল চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামের বাসিন্দারা ওই ব্যক্তিকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক ওই ব্যক্তির নাম মো. জাকির হোসেন (৩৫)। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লোহাজুড়ি গ্রামের মো. কাশেম আলীর ছেলে। জাকির গাজীপুরের ওমেগা সোয়েটার লিমিটেড নামে একটি পোশাক কারখানায় চাকরি করেন। এ জন্য তিনি চন্নাপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

চন্নাপাড়া গ্রাম ছাড়াও আনসার রোড এলাকা থেকেও তাঁরা বেশ কয়েকটি কঙ্কাল চুরি করেছেন। একেকটি কঙ্কাল তাঁরা ১০ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করতেন বলে জানিয়েছেন জাকির।

জাকিরকে আটকের সময় তাঁর সঙ্গে থাকা দুই সহযোগী পালিয়ে গেছেন। জাকিরের দেওয়া তথ্যমতে, পালিয়ে যাওয়া অপর দুজন হলেন মো. রাজন ও মো. মজনু। তাঁরা তিনজন একই বাড়িতে ভাড়া থাকতেন।

৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হাবিবুল্লাহ প্রথম আলোকে বলেন, ওই গ্রামের গনি হাজির বাড়ির পারিবারিক গোরস্থান থেকে আজ ভোররাতে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। তিনি বলেন, ভোররাত চারটার দিকে স্থানীয় নাজমুল ও রবি নামের দুই ব্যক্তি বাড়ির বাইরে বের হন। তাঁরা অপরিচিত তিন ব্যক্তিকে কবরস্থানের পাশে বস্তা হাতে দেখতে পান।

পরিচয় জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের মধ্যে দুজন দৌড়ে পালিয়ে যান। এ সময় জাকিরকে আটক করেন তাঁরা। পরে তাঁর কাছে থাকা একটি বস্তার ভেতর থেকে দুটি কঙ্কাল খুঁজে পাওয়া যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাকিরকে আটক করে পুলিশ।

স্থানীয় বাসিন্দা আজহার ইসলাম বলেন, আটকের পর স্থানীয় লোকজন জাকিরকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় জাকির স্বীকার করেন, তিনি ও তাঁর কয়েকজন সহযোগী মিলে দীর্ঘদিন ধরেই কঙ্কাল চুরি করে ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। চন্নাপাড়া গ্রাম ছাড়াও আনসার রোড এলাকা থেকেও তাঁরা বেশ কয়েকটি কঙ্কাল চুরি করেছেন। একেকটি কঙ্কাল তাঁরা ১০ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করতেন বলে জানিয়েছেন জাকির। কঙ্কাল দুটি উদ্ধারের পর সংশ্লিষ্ট কবরে রেখে দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, কঙ্কাল চুরির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।