শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় কৃষক লীগ সভাপতি নিহত
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় শ্রীপুর উপজেলা কৃষক লীগের সভাপতি নিহত হয়েছেন। নিহত ওই কৃষক লীগ নেতার নাম মো. কবির হোসেন (৪৭)। তিনি শ্রীপুরের মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের আবদুল কাদেরের ছেলে। আজ সোমবার দুপুরে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, সোমবার দুপুরে কবির হোসেন মোটরসাইকেল চালিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার জেব্রাক্রসিং হয়ে রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাচ্ছিলেন। এ সময় সড়ক বিভাজক (ডিভাইডার) পার হয়ে সড়কে নামতেই ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
শ্রীপুর আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি মো. জুবায়ের বলেন, কবির হোসেন দীর্ঘদিন ধরে কৃষক লীগের দায়িত্ব পালন করছিলেন। তিনি খুবই দায়িত্বশীল ও কর্মঠ সংগঠক ছিলেন। তাঁর অকালমৃত্যুতে শ্রীপুরে শোকের ছায়া নেমে এসেছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যানটি পুলিশ আটক করেছে। তবে ওই কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।