শ্রীপুরে কুকুরের কামড়ে একজনের মৃত্যু
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামে কুকুরের কামড়ে আবুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে তিনি মারা যান। মাস খানেক আগে তাঁকে কুকুরে কামড়ায়। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন।
নিহত ব্যক্তির স্বজনেরা বলছেন, মাস খানেক আগে আবুল হোসেনের স্ত্রী পারভীন আক্তার বাড়িতে রান্না করছিলেন। এ সময় একটি কুকুর তাঁকে কামড়ে ধরে। স্ত্রীকে রক্ষা করতে গেলে কুকুরটি আবুল হোসেনকেও কামড় দেয়। পারভীন কুকুরের কামড়ের টিকা নিলেও তাঁর স্বামী তা নেননি। সম্প্রতি আবুল হোসেন অসুস্থ হয়ে পড়েন। গত শনিবার তাঁকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। গতকাল সকালে তাঁকে বাড়ি নিয়ে আসা হয়। তিনি অস্বাভাবিক আচরণ করতে থাকেন। বিকেলের দিকে তাঁর মৃত্যু হয়।
ওই এলাকার বাসিন্দা ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক এস এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কুকুরে কামড়ালে দেরি না করে টিকা নেওয়া অত্যন্ত জরুরি। অনেকেই অবহেলা করেন। আবুল হোসেন টিকা না নেওয়ায় মৃত্যুর মতো ঘটনা ঘটেছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয়ভূষণ দাস বলেন, কুকুরে কামড়ালে অবহেলা না করে অবশ্যই টিকা নিতে হবে। কুকুরের কামড়ের টিকা সরকারি হাসপাতালগুলোয় পাওয়া যায়। কামড়ানোর স্থান ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর হাসপাতালে যেতে হবে।