শ্রীপুরে জুতাচোর সন্দেহে হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মসজিদে জুতা চুরি সন্দেহে হামলায় পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার উপজেলার সোনাকর গ্রামের নতুনবাজারে জুমার নামাজের পর এই ঘটনা ঘটে। আহত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন সোনাকর গ্রামের আদনান ও মফিজ উদ্দিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী মো. বাচ্চু।

সোনাকর গ্রামের বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, শুক্রবার জুমার নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার সময় বাইরে রেখে যাওয়া জুতা জোড়া পাচ্ছিলেন না ওয়াহাব মাস্টারের ছেলে মো. রাসেল। গ্রামের আদনান, দীপু ও ওয়াদুদ জুতা জোড়া নিয়ে গেছেন বলে জেনেছেন। এ কথা জেনেই রাসেল তাঁর লোকজনসহ লাঠিসোঁটা নিয়ে আদনান ও তাঁর বন্ধুদের ওপর হামলা চালান। এ সময় শ্রীপুর উপজেলা প্রশাসনের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী মো. বাচ্চু মারামারি থামাতে গেলে তাঁকেও পেটানো হয়। এতে তিনি মাথায় মারাত্মক আঘাত পান।

স্থানীয় বাসিন্দা সূত্রে আরও জানা যায়, হামলায় আদনান হাতে-পায়ে আঘাত পেয়েছেন। মফিজ উদ্দিন নামের একজন আঘাত পেয়েছেন পায়ে ও পিঠে। আহত অবস্থায় চারজন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভর্তি হন। এরপর হাসপাতালে গিয়ে উপস্থিত হন রাসেল ও তাঁর লোকজন। সেখানে আরেক দফা দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এম এ সাঈদ প্রথম আলোকে বলেন, শুক্রবার বেলা তিনটার দিকে চারজন এবং বেলা সাড়ে তিনটার দিকে অপর একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর। তাঁরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।

সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘মারামারির ঘটনা হয়েছে শুনেছি। লোকজন এসেছিল। অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’