শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জনকে আটক
গাজীপুরের শ্রীপুর উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার সিংদিঘী গ্রামে এ অভিযান চালায় পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের রনি ভূঁইয়া (২৫), সিংদিঘী শ্রীপুরের গ্রামের রেজাউল করিম (৪১), চকপাড়া গ্রামের সুলতান (৩৫), একই গ্রামের জুলহাস (৩৭), সাইজুদ্দীন (৪৫), বাবুল সরকার (৪০) ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার উত্তর শিতানখিলা গ্রামের আজিজুল হক (৪২)। পুলিশি অভিযানে তাঁদের কাছ থেকে ১৭ হাজার ৩১০ টাকা ও তাসের বান্ডেল উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ।
শ্রীপুর থানাধীন মাওনা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবু জাফর মোল্লা প্রথম আলোকে বলেন, তাঁরা জানতে পারেন সিংদিঘী গ্রামে বাবুল সরকার নামের এক ব্যক্তির বাড়িতে জুয়ার আসর বসানো হয়েছে। পরে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে ৭ জনকে আটক করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।