শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রী নেই, যানবাহনও নেই
কঠোর বিধিনিষেধের প্রথম দিন গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গণপরিবহন নেই। অল্প কয়েকজন যাত্রীকে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও সাধারণ রিকশায় করে চলতে দেখা গেছে। বেলা সোয়া ১১টা ও ১টায় সেনাবাহিনীর টহল ছিল এখানে। বেশ কয়েকটি পয়েন্টে আছে পুলিশের চেকপোস্ট।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সড়কটির গড়গড়িয়া মাস্টারবাড়ি, ১ নম্বর সিঅ্যান্ডবি, ২ নম্বর সিঅ্যান্ডবি, মাওনা চৌরাস্তা, এমসি বাজার, নয়নপুর ও জৈনাবাজার ঘুরে দেখা যায়, মহাসড়কে পণ্যবাহী ট্রাক, পিকআপ ভ্যান, কনটেইনার গাড়িসহ জরুরি সেবার গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন চলছে না। তবে মহাসড়ক থেকে ভেতরের দিকে যেতে দু-একটি জায়গায় স্বল্পসংখ্যক সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। কিন্তু এসব সড়কে যাত্রীর সংখ্যা অনেক কম।
বেলা ১১টায় শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়িকে টহল দিতে দেখা যায়। বেলা ১টার দিকে মহাসড়কের মাওনা চৌরাস্তা থেকে ফুলবাড়িয়া যাওয়ার রাস্তায় সেনাবাহিনীর গাড়িকে সাইরেন বাজিয়ে ঢুকতে দেখা যায়। এ সময় ওই সব সড়কে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহনকে রাস্তা ছেড়ে দিতে দেখা যায়। অপ্রয়োজনে বের হওয়া লোকজন রাস্তা ছেড়ে বাড়ির দিকে ছুটতে থাকেন।
কাঁচাবাজারের দোকানগুলো যথারীতি খোলা আছে। তবে এসব বাজারে ক্রেতার সংখ্যা গত কয়েক দিনের তুলনায় কম।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, লকডাউন কার্যকরে মহাসড়কের বিভিন্ন স্থানে তাঁদের পুলিশ সদস্যরা কাজ করছেন। বিধিনিষেধের ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।