শ্রীপুরে তরুণী ধর্ষণ মামলার আরও এক আসামি গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পোশাকশ্রমিক তরুণীকে দল বেঁধে ধর্ষণ মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার র্যাব-১–এর পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। গতকাল শুক্রবার রাতে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ওই ধর্ষণ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার যুবকের নাম মো. নাজমুল হাসান (৩০)। তিনি গাজীপুরের শ্রীপুরের ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা। এর আগে ধর্ষণ মামলার অপর এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্দ্রপুর এলাকায় ধর্ষণ মামলার এক আসামির অবস্থানের কথা জানতে পেরে গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় নাজমুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
পোশাক কারখানার শ্রমিক ১৯ বছর বয়সী তরুণীকে গত ২৭ জুন বেড়াতে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করেন। এ ঘটনার পর ওই তরুণী চারজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন। মামলার পরদিন শ্রীপুর থানা-পুলিশ সাগর শেখ নামের একজনকে গ্রেপ্তার করে।