শ্রীপুরে দুর্ঘটনার ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল শুরু হয়েছে
ছবি: ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনের আউটার সিগন্যালে দুর্ঘটনাকবলিত বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন উদ্ধারের পর দিবাগত রাত সাড়ে তিনটা থেকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ট্রেনটি লাইনচ্যুত হয়। এরপর এই রেলপথে প্রায় ৯ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

আরও পড়ুন

শ্রীপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন গিয়ে ইঞ্জিনটি উদ্ধার করেছে। এরপর রেললাইন পরীক্ষা-নিরীক্ষার পর বলাকা কমিউটার গাজীপুরের শ্রীপুর ছেড়ে গেছে দিবাগত রাত সাড়ে তিনটার দিকে। তারপর পর্যায়ক্রমে বেশ কয়েকটি ট্রেন গন্তব্যে যাত্রা করেছে।

গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল বলাকা এক্সপ্রেস ট্রেন। এটি শ্রীপুর পৌঁছার আগেই যান্ত্রিক গোলযোগে পড়ে। এ কারণে ট্রেনটি শ্রীপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে থামানো হয়। পরীক্ষা করে দেখা যায়, এটির ইঞ্জিনের চাকার স্প্রিং খুলে গেছে। এ অবস্থায় ট্রেন চালিয়ে নেওয়া সম্ভব নয়। ট্রেন উদ্ধার করার জন্য ঢাকা থেকে রিলিফ ট্রেন চাওয়া হয়। রিলিফ ট্রেন আসার আগে ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা বগির পেছনে নেওয়ার প্রয়োজন হয়। ইঞ্জিন ঘুরিয়ে আনার সময় শ্রীপুর রেলস্টেশনের দক্ষিণের আউটার সিগন্যালের কাছে ইঞ্জিনটির পেছনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। সেখানেই আটকে যায় ইঞ্জিন। এতে ওই রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।