শ্রীপুরে নৌকাডুবিতে একজনের লাশ উদ্ধার, চিকিৎসক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা সীমান্তবর্তী গাজীপুরের শ্রীপুরের ধামলই এলাকায় খীরু নদে নৌকাডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ডুবুরি দল লাশটি উদ্ধার করে। এ ঘটনায় নিখোঁজ এক চিকিৎসক।

মৃত ব্যক্তির নাম মো. তানভীর (৩১)। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা। তিনি ডেকোরেটর ব্যবসায়ী। লাশ উদ্ধার ও তাঁর পরিচয় নিশ্চিত করেছেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। ঘটনাস্থলে উপস্থিত শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

এ ঘটনায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অমিত কুমার রায় নিখোঁজ আছেন।

স্থানীয় রাহাত আকন্দ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, খীরু নদে ভ্রমণে এসেছিলেন ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ও চিকিৎসকেরা। তাঁদের বহনকারী ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে ভালুকাগামী বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে নৌকাটি ডুবে যায়। নৌকায় ১০ থেকে ১২ জন ছিলেন। তাঁদের মধ্যে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও অমিত কুমার রায় ও ডেকোরেটর ব্যবসায়ী তানভীর নিখোঁজ হন। অন্যরা সাঁতরে তীরে উঠে পড়েন।