শ্রীপুরে পিকআপচাপায় তিনজন নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসিবাজার এলাকায় পিকআপ ভ্যানের চাপায় তিনজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন একজন।
নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের পাগলা থানার দেউলপাড়া গ্রামের শহর আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৩৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে আবদুল মজিদ জনি (৩২) ও খুলনার পাইকগাছার ফতেহপুর গ্রামের আবদুল হকের ছেলে ইব্রাহীম হাবিব (৩২)। নিহত ব্যক্তিদের মধ্যে সবাই শ্রীপুরের ২ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় ভাড়া থেকে আতর ও বিভিন্ন খুচরা জিনিস বিক্রি করতেন।
মাওনা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তিরা একটি ওয়াজ মাহফিলে আতর বিক্রি করে ফিরছিলেন। তাঁরা রাত দুইটার দিকে এমসিবাজার এলাকায় সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকার দিকে যাওয়া দ্রুতগতির একটি পিকআপ তাঁদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে মজিদ মারা যান। অপর দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁরাও মারা যান। এ ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি আহত হয়েছেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে সঙ্গে চালক পালিয়ে গেছেন। আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।