শ্রীপুরে বরমী উচ্চবিদ্যালয়ে আবারও অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুনে চেয়ার–টেবিল, বেঞ্চ ও সিসিটিভি ক্যামেরা পুড়ে গেছে। রোববার সকালে গাজীপুরের শ্রীপুরের বরমী উচ্চবিদ্যালয়ে
ছবি: সাদিক মৃধা

প্রায় দেড় মাসের মধ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলায় বরমী উচ্চবিদ্যালয়ে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার গভীর রাতে আগুন লেগে বিদ্যালয়ের তিনটি আধা পাকা কক্ষ ও আসবাব পুড়ে গেছে। এর আগে গত ১১ ডিসেম্বর দুপুরে বিদ্যালয়ের ছয়টি কক্ষ আগুনে পুড়ে যায়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত ৩টার দিকে বিদ্যালয়ের দক্ষিণমুখী একটি ঘরের তিনটি কক্ষে আগুন লাগে। আগুনে সিলিং ফ্যান, বেঞ্চ, সিসি ক্যামেরা ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন এবং একই সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেন। শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ততক্ষণে তিনটি আধা পাকা কক্ষ ও কক্ষের জিনিসপত্র পুড়ে গেছে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বারী প্রথম আলোকে বলেন, ‘আগুনের ঘটনাটি আমরা নাশকতা হিসেবে দেখছি। এই ঘটনায় থানায় অভিযোগ করব। এর আগের আগুনের ঘটনাটি স্বাভাবিক অগ্নিকাণ্ড হিসেবেই ভেবেছিলাম। শনিবার গভীর রাতের আগুনের ঘটনা অনেক রহস্যের জন্ম দিয়েছে।’ তিনি আরও বলেন, দুই বছর আগে বাজারের সর্বোচ্চ ভালো মানের তার দিয়ে ওয়্যারিং করা হয়েছে। কক্ষগুলোয় ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল কোনো সমস্যা থাকার কথা নয়। এর পেছনে একটি রহস্য আঁচ করতে পেরেছেন তাঁরা।

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. ইফতেখার হোসাইন রায়হান বলেন, রাত তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। স্কুলের কক্ষে অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।