শ্রীপুরে বিক্ষোভ করায় ৩২ শ্রমিককে বরখাস্ত, কারখানা বন্ধ ঘোষণা
গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করার পর এসকিউ সেলসিয়াস লিমিটেড নামের একটি কারখানার ৩২ শ্রমিককে কালো তালিকাভুক্ত করে বরখাস্ত করা হয়েছে। এসকিউ গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক কাজী ইকবাল হোসেন গতকাল সোমবার রাতে বলেছেন, এই সংখ্যা আরও বাড়তে পারে। আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে।
নাম প্রকাশ না করার শর্তে কারখানার দুই শ্রমিক জানিয়েছেন, বৈধ দাবিদাওয়া ও বিভিন্ন অসংগতি নিয়ে শ্রমিকেরা গত রোববার কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছিলেন। এর জেরেই এসব শ্রমিককে বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে কাজী ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, রোববার কারখানায় কাজের সুন্দর পরিবেশ ছিল। ফ্লোরে অপারেশন ব্যবস্থাপক অবস্থান করছিলেন। এমন সময় সেখানে ৮ থেকে ১০ জন লোক এসে অপারেশন ব্যবস্থাপককে মারধর করেন। এরপর আরও কয়েকজন কারখানার ভেতরে উচ্ছৃঙ্খল আচরণ করেন। তাঁরা নিরাপত্তাকর্মীদের মারধর, ডাইনিং ভাঙচুর ও কর্মকর্তাদের লাঞ্ছিত করেন। বাধ্য হয়ে কারখানা বন্ধ করা হয়েছে।
এই কর্মকর্তা আরও বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত ৩২ জনের তালিকা তৈরি করেছি। এই সংখ্যা আরও বাড়বে। আমরা আরও লোকজনের সঙ্গে কথা বলে তাদের শনাক্ত করব। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। এগুলো সংশ্লিষ্ট দপ্তরে দেখাব। বিজিএমইএ ও পুলিশ প্রশাসন যেভাবে সিদ্ধান্ত দেবে, সেভাবেই আমরা কাজ করব।’
শ্রীপুরের এসকিউ সেলসিয়াস লিমিটেড নামে পোশাক কারখানায় রোববার কর্মবিরতি দিয়ে বিভিন্ন দাবিতে কারখানা প্রাঙ্গণে বিক্ষোভ করেন শ্রমিকেরা। কয়েকজন শ্রমিক জানিয়েছিলেন, অসুস্থ হলেও শ্রমিকদের ছুটি না দেওয়া, পারিশ্রমিক কম দেওয়া, অতিরিক্ত সময় কাজ করানো, টিফিনে মানহীন খাবার পরিবেশনসহ বিভিন্ন বিষয়ে তাঁরা আন্দোলন করছেন।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের বরখাস্ত করা হয়েছে বলে শুনিনি। কারখানা খোলা হয়নি। এই অবস্থায় এ ধরনের সিদ্ধান্ত হওয়ার কথা নয়। বরখাস্ত করার একটা নিয়ম আছে। দেনা-পাওনার ব্যাপার থাকে। আমাদের কাছে এমন কোনো তথ্য নেই।’