শ্রীপুরে স্বতন্ত্র মেয়র প্রার্থীকে কেন্দ্র থেকে আটক করে নেওয়া হলো থানায়
গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী শাহ আলমকে আটক করে থানায় নেওয়া হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আল মামুন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। আজ শনিবার বেলা ২টায় তাঁকে আটক করা হয়।
এএসপি আল মামুন জানান, লোহাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থী শাহ আলমকে আটক করে শ্রীপুর থানায় নেওয়া হয়েছে। তবে কী কারণে নেওয়া হয়েছে, তা এখনই জানানো যাচ্ছে না।
প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন জানিয়েছেন, প্রচুর লোকজন নিয়ে শাহ আলম কেন্দ্রে প্রবেশ করেছিলেন। এ সময় জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামিমা খান তাঁকে নির্বাচনী আইনে শাস্তির আওতায় আনেন।
এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য দিতে পারেননি রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ প্রথম আলোকে বলেন, তিনি থানায় ফোন দিয়ে বিষয়টি জেনেছেন। ওসি তাঁকে জানিয়েছেন, জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামিমা খানের সামনে হয়তো কোনো অপরাধ পরিলক্ষিত হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য দিতে পারেননি রিটার্নিং কর্মকর্তা।