শ্রীবরদীতে কুপিয়ে হত্যার ঘটনার ১৮ দিন পর ভিডিও ভাইরাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৩ মার্চ প্রতিপক্ষের দায়ের কোপে শেখবর আলী (৪৫) নামে এক কৃষককে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনার ১৮ দিন পর গত রোববার রাতে হত্যাকাণ্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার হালুয়াহাটি গ্রামের শেখবর আলীর সঙ্গে প্রতিবেশী জাকির হোসেনের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে ২২ মার্চ প্রতিপক্ষ জাকিরসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করা হয়। পরদিন ২৩ মার্চ বিকেলে ঘটনাস্থলে তদন্ত করতে যান উপপরিদর্শক ওয়ারেস আলীসহ (বর্তমানে সাময়িকভাবে বরখাস্ত) কয়েকজন পুলিশ সদস্য। তদন্ত শেষে চলে আসতে থাকে পুলিশ। এ সময় জাকিরসহ তাঁর লোকজন অতর্কিতভাবে ধারালো দা, রামদা, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে শেখবর আলীর ওপর হামলা করেন। পুলিশ পুনরায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই শেখবর আলী মারা যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশের সামনেই অতর্কিতভাবে রামদা, ছুরি, দা, বঁটি ও লাঠিসোঁটা নিয়ে শেখবর আলীর ওপর উপর্যুপরি আঘাত করেন প্রতিপক্ষের লোকজন। ঘটনার আকস্মিকতায় পুলিশ হতবিহ্বল হয়ে এগিয়ে আসার চেষ্টা করলে তাদের প্রতি তেড়ে আসেন খুনিরা। এক-দুই মিনিটের মধ্যেই পুরো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ও পুলিশের প্রতি তেড়ে আসার ঘটনাও ভিডিওতে দেখা যায়।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস সোমবার রাতে প্রথম আলোকে বলেন, ওই হত্যাকাণ্ডের ঘটনায় শেখবর আলীর ছোট ভাই মাহফুজ মিয়া বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ ও ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা করেন। ইতিমধ্যে এজহারনামীয় প্রধান আসামি জাকির, তাঁর ভাই জজ মিয়া ও সাইফুলসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাঁরা জেলা কারাগারে আছেন।

হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় গ্রেপ্তার জাকির ও সাইফুল আদালতে জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া ঘটনার সময় উপস্থিত এসআই ওয়ারেস আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২৪ মার্চের প্রথম আলোর অনলাইন সংস্করণে এ বিষয়ে ‘জমি নিয়ে বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা, আহত ২’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।