শ্রীবরদীতে খাল থেকে কিশোরের লাশ উদ্ধার
শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোরের নাম মো. নয়ন মিয়া (১৬)। সে ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের লয়খা গ্রামের আসান আলীর ছেলে। আজ মঙ্গলবার সকালে উপজেলার গড়জরিপা ইউনিয়নের শৈলেরপাড় খাল থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন মিয়া বুদ্ধিপ্রতিবন্ধী এবং দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিল। গতকাল সোমবার সকালে সে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও নয়নের সন্ধান পাননি।
এরপর আজ সকালে শৈলেরপাড় গ্রামের লোকজন খালের পানিতে এক কিশোরের লাশ ভাসতে দেখে শ্রীবরদী থানা–পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আসান আলী ঘটনাস্থলে এসে উদ্ধার করা লাশটি তাঁর ছেলে নয়ন মিয়ার বলে শনাক্ত করেন।
শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালেহুর রহমান আজ বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কিশোরের বাবা বাদী হয়ে শ্রীবরদী থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করেন। সুরতহাল প্রতিবেদনে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। তবে চোখের একাংশ কোনো পোকামাকড় বা মাছ খেয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে ওই কিশোরের মৃত্যু হতে পারে।