শ্রীবরদীতে ট্রলিচালক নিহত, ইউপি সদস্যসহ আহত ২
শেরপুরের শ্রীবরদী উপজেলায় মাটিবাহী ড্রামট্রাকের চাপায় এক ট্রলিচালক নিহত ও ইউপি সদস্যসহ দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. সোহাগ মিয়া (৩৫)। তিনি উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে।
সোহাগ পেশায় ট্রলিচালক। গতকাল রোববার রাত ১১টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের শ্রীবরদীর চৈতাজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার গড়জরিপা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজাহান আলী (৫৫) ও ঘোনাপাড়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে আবদুল কাদের (৩৫)। আহত কাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহজাহান ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে চৈতাজানী এলাকায় একটি চায়ের দোকানের সামনে সোহাগ, কাদের ও শাহজাহান দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ঝিনাইগাতী থেকে আসা মাটিবাহী একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সোহাগকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ট্রাকটি ফেলে চালক পালিয়ে যান।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় কেউ মামলা দেননি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর থেকে চালক পলাতক।