শ্রীবরদীতে দুর্বৃত্তদের হামলায় এনজিওকর্মী গুরুতর আহত, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় চাঁদা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তদের হামলায় এক এনজিওকর্মী গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার মধ্যছনকান্দা গ্রামের আবদুল খালেক মিয়ার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মো. আবদুল আলিম (৩৮)। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) শ্রীবরদী শাখার জ্যেষ্ঠ মাঠসংগঠক। তিনি জামালপুর সদর উপজেলার ভবানী শাওনিয়া গ্রামের ছায়েদ উদ্দিনের ছেলে। গুরুতর আহত আলিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অভিযোগে জাকির হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ। জাকির উপজেলার পুরান শ্রীবরদী গ্রামের রুস্তম আলীর ছেলে।

পুলিশ ও এসএসএস–এর কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আলিম এসএসএস শ্রীবরদী শাখার জ্যেষ্ঠ মাঠসংগঠক হিসেবে কাজ করছেন। তিনি সংস্থার উপকারভোগীদের কাছ থেকে ঋণের কিস্তি সংগ্রহের জন্য বিভিন্ন স্থানে যান।

সপ্তাহখানেক আগে জাকির ও তাঁর কয়েকজন সহযোগী আলিমের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে আলিমকে খুন করার পরিকল্পনা করেন জাকির। আজ সকাল সাড়ে আটটার দিকে আলিম ঋণের কিস্তি আদায়ের জন্য উপজেলার মধ্যছনকান্দা গ্রামের খালেকের বাড়িতে যান। এ সময় জাকিরের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত পূর্বপরিকল্পিতভাবে ধারালো দেশি অস্ত্র নিয়ে আলিমের ওপর হামলা চালান। সন্ত্রাসীরা তাঁদের হাতে থাকা দেশি অস্ত্র দিয়ে আলিমের শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাত ও বেদম মারধর করেন। এতে আলিম রক্তাক্ত জখম ও গুরুতর আহত হন। এ সময় জাকির এনজিওকর্মী আলিমের কাছে থাকা কিস্তি সংগ্রহের টাকাসহ একটি মুঠোফোন ও একটি ক্যালকুলেটর নিয়ে যান।

পরে আলিমের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এসএসএস–এর শ্রীবরদী শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান আজ বেলা দুইটায় প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে আহত আলিমের অবস্থা আশঙ্কাজনক। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এসএসএস শ্রীবরদী শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান বাদী হয়ে জাকিরসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে জাকিরকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত ও জড়িত অন্য ব্যক্তিদের আটকের চেষ্টা করছে।