শ্রীবরদীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে শারীরিক ও বাক্‌প্রতিবন্ধী এক তরুণীকে (২৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণীর মা বাদী হয়ে আজ শনিবার সকালে হারেছ আলী (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

আজ বিকেলে জেলা সদর হাসপাতালে ধর্ষণের শিকার ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার একটি গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই তরুণীর বাবা একজন দিনমজুর। তরুণীটি শারীরিক ও বাক্‌প্রতিবন্ধী হওয়ায় তাঁর বিয়ে দেওয়া সম্ভব হয়নি। ওই তরুণী তাঁর মা–বাবার সঙ্গে উপজেলার একটি গ্রামে বাস করেন। বুধবার বিকেলে হারেছ আলী তাঁকে (ভুক্তভোগী) ফুসলিয়ে তাঁর (হারেছ) বাড়িতে নিয়ে যান। এ সময় হারেছের বাড়ির লোকজন পার্শ্ববর্তী গ্রামে বিয়ের দাওয়াত খেতে যাওয়ায় বাড়ি ফাঁকা ছিল। এ সুযোগে হারেছ তাঁর ঘরে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী তরুণী তাঁর বাড়িতে গিয়ে ইশারা-ইঙ্গিতে তাঁর মাকে ধর্ষণের ঘটনাটি জানান। অভিযুক্ত হারেছ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে আজ সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে হারেছ আলীকে আসামি করে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস আজ বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণীর মায়ের করা মামলার পরপরই আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য ভুক্তভোগী তরুণীকে শেরপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। জেলা সদর হাসপাতালে তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পুলিশ মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

তবে আসামি হারেছ আলী পলাতক থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।