শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে নৌকা পেলেন মনসুরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ মনসুরুল হক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সৈয়দ মনসুরুল হক। তিনি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীমঙ্গল দ্বারিকাপাল মহিলা কলেজের অধ্যক্ষ।

গত বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।

মনসুরুল হক ছাড়াও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম খান, সদস্য মো. কদর আলী, কামরুজামান জুয়েল ও রুমন আহম্মেদ দলীয় মনোনয়ন চেয়ে উপজেলা আওয়ামী লীগের কাছে আবেদন করেছিলেন বলে প্রথম আলোকে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ৯৪ জন। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২ নভেম্বর, যাচাই–বাছাই ৪ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর, প্রতীক বরাদ্ধ ১২ নভেম্বর। নির্বাচন ২৮ নভেম্বর।

আইনি জটিলতায় দীর্ঘ ১০ বছর পর আগামী ২৮ নভেম্বর শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত। এর আগে ২০১১ সালের ১৮ জানুয়ারি এই পৌরসভায় নির্বাচন হয়।