শ্রীমঙ্গলে তিনটি হিন্দুবাড়ির খড়ের গাদায় অগ্নিসংযোগের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাতের আঁধারে হিন্দু সম্প্রদায়ের লোকজনের তিনটি বাড়ির খড়ের গাদায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুনবীর বাবু বাজার সংলগ্ন এলাকায়
প্রথম আলো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একই গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজনের তিনটি বাড়ির খড়ের গাদায় অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের ভীমসী গ্রামের বাবুবাজারসংলগ্ন এলাকায় শিক্ষক অমর দাশ, সাবেক ইউপি সদস্য মৃত অরুর রায় ও কৃষক অমর দাশের বাড়িতে এ ঘটনা ঘটে।

আগুনে তিনটি বাড়ির খড়ের গাদায় থাকা পৌনে তিন একরের বেশি জমির ধানের খড় ও বাঁশ পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অমর দাশের ছেলে টিপু দাশ প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাতে আমরা প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ি, রাত দুইটার দিকে এলাকার স্থানীয় পাহারাদাররা আমাদের ঘুম থেকে ডেকে তোলেন। ঘুম থেকে উঠে দেখি, বাড়িতে গরুর জন্য রাখা ধানের খড়ে আগুন জ্বলছে। স্থানীয় লোকজন সবাই মিলে পানি ঢেলে আগুন নিভাই। আগুনে খড় ও বাঁশ পুড়ে গেছে।’

রাত দুইটার দিকে এলাকার স্থানীয় পাহারাদাররা আমাদের ঘুম থেকে ডেকে তোলেন। ঘুম থেকে উঠে দেখি, বাড়িতে গরুর জন্য রাখা ধানের খড়ে আগুন জ্বলছে।
টিপু দাশ, ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্য

টিপু দাশ আরও বলেন, একটি বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব ১০০ থেকে ২০০ গজ হবে। তাই একটি গাদা থেকে আরেকটিতে আগুন লেগেছে বলা যায় না। একই সময়ে কেউ এই আগুন লাগিয়ে দিয়েছেন। এ ঘটনায় কৃষক অমর দাশের বাড়িতে ৯০ শতাংশ জমির খড়, অরুণ রায়ের বাড়িতে ১৮০ শতাংশ জমির খড় এবং শিক্ষক অমর দাশের বাড়িতে ১৫ শতাংশ জমির খড় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভুনবীর ইউপি চেয়ারম্যান আবদুর রশীদ বলেন, ভুনবীর ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য কেউ উদ্দেশ্যমূলকভাবে এই আগুন লাগিয়েছে। আমরা চাইব এ ঘটনার সঙ্গে জড়িতরা ধরা পড়ুক।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুশীল শীল বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের তিনটি বাড়ির খড়ের গাদায় একসঙ্গে আগুন লাগানোর ঘটনাটি আমরা উদ্দেশ্যমূলক বলে মনে করছি। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত ব্যবস্থা নিয়ে দুর্বৃত্তদের আটক করুন।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন প্রথম আলোকে বলেন, ‘কেউ এখানে আগুন লাগিয়েছে বলেই আমরা ধারণা করছি। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার জন্য তদন্ত করছি।