শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বানরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার জেলার মানচিত্র

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বানরের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ভিক্টোরিয়া স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বানরটি এক বছর ধরে লাউয়াছড়া বন ছেড়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। আজ শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এটি মারা যায়।

ভিক্টোরিয়া স্কুলের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক রণজিৎ রায় বলেন, ‘আজ সকাল সাতটার দিকে হাঁটতে বের হয়ে রাস্তার পাশে একটি বানর পড়ে থাকতে দেখি। কয়েকজন লোক বানরটিকে দেখার জন্য দাঁড়িয়ে ছিলেন। বানর যে জায়গায় পড়ে ছিল, তার ঠিক ওপরেই বিদ্যুতের ট্রান্সফরমার ছিল। সম্ভবত সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এটি মারা গেছে। বানর দীর্ঘদিন ধরে আশপাশের এলাকায় ঘুরে বেড়াত। অনেকেই বানরটিকে খাবারও দিয়েছে।’

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা সেখানে গিয়ে বানরটিকে উদ্ধার করি। আমি যখন সেখানে পৌঁছাই, তখন পরীক্ষা করে আমরা বানরটিকে মৃত অবস্থায় পাই। যথাসময়ে চিকিৎসা দিতে পারলে এটিকে সুস্থ করা সম্ভব হতো। তবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া প্রাণীরা বেশির ভাগ ঘটনাস্থলেই মারা যায়। এটি একটি প্রাপ্তবয়স্ক পুরুষ বানর ছিল। সে বনে দলবল ছেড়ে একা একা ঘুরে বেড়াত। আমরা প্রাণীটির মরদেহ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছি। তারা মরদেহটি মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করবে।’

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব প্রথম আলোকে আরও বলেন, প্রাণীটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের। এই বানর ছাড়াও অজগর, হনুমান ইত্যাদি বন্য প্রাণী খাদ্যসংকটের কারণে বন ছেড়ে বেরিয়ে আসছে। লাউয়াছড়াসহ বনজঙ্গলে নির্বিচারে গাছ কাটায় প্রাণীদের আবাস্থলের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এতে তাদের খাদ্যসংকট দেখা দিচ্ছে।