শ্রীমঙ্গলে সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আঞ্চলিক মহাসড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কের ভটের মিল এলাকায় এই ঘটনা ঘটে।
এ সময় সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। স্থানীয় বাসিন্দারা গাছটি কেটে সড়ক থেকে সরানোর কাজ করছেন।
সড়কে আটকা পড়া মোটরসাইকেলচালক নিপেশ রায় প্রথম আলোকে বলেন, গাছটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। নানা সময়ে গাছটিতে বিভিন্ন গাড়ি বেশ কয়েকবার ধাক্কা দিয়েছে। আজ বেলা ১১টার দিকে হঠাৎ গাছটি পড়ে সড়কটি বন্ধ হয়ে যায়। এতে ছোট–বড় শতাধিক যানবাহন সড়কে আটকা পড়ে। সড়ক থেকে গাছ সরানোর কাজ স্থানীয় লোকজনই করছেন। ঈদে বাড়ি ফেরা মানুষ আটকে পড়ে ভোগান্তি পোহাচ্ছেন।
ওহিম মোল্লা নামের এক যাত্রী বলেন, ‘শায়েস্তাগঞ্জ থেকে বাসে চড়ে আমি ঢাকায় যাব, টিকিটও কাটা। এ জন্য শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ–সিলেট এক্সপ্রেসে চড়ে শ্রীমঙ্গল থেকে শায়েস্তাগঞ্জ যাচ্ছিলাম। এখন এই ভোগান্তিতে পড়ে বাস মিস হয় কি না বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে বাসে বসে আছি।’
শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. ইব্রাহিম প্রথম আলোকে বলেন, সড়কের ওপর গাছ পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন। শিগগিরই গাছ সরিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।