শ্রীমঙ্গলে হাত-পায়ের পর খণ্ডিত মরদেহের সন্ধান, মাথা পাওয়া যায়নি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পা, ঊরু ও হাতের কাটা অংশ পাওয়ার এক দিন পর মিলেছে শরীরের কিছু অংশ। তবে এখনো মাথার সন্ধান পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, লাশটি একজন নারীর। আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত হয়নি।
আজ সকাল নয়টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাছড়া এলাকায় মরদেহের অংশবিশেষ উদ্ধার করে পুলিশ। এর আগে গতকাল সোমবার সকালে মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশা দক্ষিণ পাচাউন গ্রামে একটি কচুখেতে মরদেহের একটি কাটা পা ও ঊরু পাওয়া যায়। পরে আধা কিলোমিটার দূরে দুটি বাঁশঝাড়ে দুটি কাটা হাত উদ্ধার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) কাশী চন্দ্র শর্মা বলেন, আজ সকালে গরু নিয়ে এক নারী বৌলাছড়ার ঝোপঝাড়ের দিকে গেলে একটি বস্তা দেখতে পান। সেখান থেকে গন্ধ বের হচ্ছিল। পরে ওই নারী পুলিশে খবর দেন। জায়গাটি গতকালের কচুখেত থেকে প্রায় আধা কিলোমিটারের দূরত্বে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুছ ছালেক আজ বেলা তিনটার দিকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। শরীরের যে অংশ পাওয়া গেছে, তা একজন নারীর। এখনো মাথা পাওয়া যায়নি। একটি বস্তার ভেতরে দেহের অংশ রাখা ছিল। মাথা খুঁজে বের করতে পুরো এলাকায় তল্লাশি করছি। নারীর পরিচয় এখনো মেলেনি। ময়নাতদন্তের জন্য এগুলো মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’