বরগুনার পাথরঘাটা
শ্রেণি বদল করে খালের আশ্রয়ণ প্রকল্পের উদ্যোগ
শ্রেণি পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছে জেলা প্রশাসকের কাছে। তবে সেটি অনুমোদনের আগেই খালটি ভরাটের তোড়জোড় শুরু হয়েছে।
বরগুনার পাথরঘাটা পৌর এলাকার একটি পুরোনো খাল ভরাট করে সরকারি অর্থে আশ্রয়ণ প্রকল্প তৈরির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ জন্য খালটির শ্রেণি পরিবর্তন করে নাল জমি হিসেবে দেখানোর জন্য জেলা প্রশাসকের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। তবে প্রস্তাব অনুমোদনের আগেই দুই পাশের গাছগাছালি কেটে খালটিতে বালু ফেলে ভরাটের তোড়জোড় শুরু হয়েছে।
তবে এ বিষয়ে পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ আল মুজাহিদের যুক্তি, খাল কাগজে–কলমে আছে, কিন্তু বাস্তবে নেই। জলাধার সংরক্ষণ আইন-২০০০ অনুযায়ী, কোনো পুকুর, জলাশয়, খাল, লেক ভরাট করা শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ সংরক্ষণ আইনেও এটি নিষিদ্ধ।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বরিশাল বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী লিংকন বায়েন এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, নাব্য সংকটে একটি প্রাকৃতিক খালের পানির প্রবাহ কমে গেলে তা খনন করে সচল করার উদ্যোগ নেওয়া যখন জরুরি, তখন সেটি ভরাট করে সরকারি অর্থে আশ্রয়ণ প্রকল্প করার ঘটনা বিস্ময়কর। এটি আইনের লঙ্ঘন। সরকারের পক্ষেই যদি এভাবে খাল ভরাট করে প্রকল্প বাস্তবায়ন করা হয়, তাহলে জনগণের কাছে নিশ্চয়ই ভালো বার্তা যাবে না।
পাথরঘাটা উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড ও পাথরঘাটা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বরইতলা এলাকায় পূর্ব-পশ্চিমমুখী বয়ে যাওয়া ছৈলাতলার খালটির অবস্থান। সরকারি হিসাব অনুযায়ী, খালটিতে ২ একর ৩৬ শতাংশ খাসজমি রয়েছে। তবে দুই পাড়ের কিছু বাসিন্দা দখল করে গাছ লাগানোয় খালটি সরু হয়ে গেলেও বর্ষা মৌসুমে পানির প্রবাহ থাকে, এমনকি জোয়ার-ভাটাও হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, স্বাধীনতার আগে থেকে পাথরঘাটার ছৈলার খালে বড় বড় নৌকা চলাচল করত। কিন্তু দুই পাশ ভরাট করে দখল হওয়ায় খালটি ক্রমে সরু হয়ে যায়। তবে এখনো দেড় হাজার ফুট দৈর্ঘ্যের খালটির পূর্ব দিকে অন্তত ৮০ ফুট এবং পশ্চিম দিকে ১৩০ ফুট প্রস্ত রয়েছে। তাঁরা বলছেন, খালটি ভরাট করা হলে ওই এলাকার অন্তত ১০০ পরিবার জলাবদ্ধতার কবলে পড়বে। এ ছাড়া ওই এলাকায় কয়েক শ একর ফসলি জমির চাষাবাদও বিঘ্নিত হবে।
গত রোববার সরেজমিনে দেখা যায়, ছৈলাতলা খালের সীমানা ধরে মাটির পাইলিং দেওয়া হচ্ছে। এটা কারা করছে, জানতে চাইলে ওই শ্রমিকেরা বলেন, ভূমি অফিস থেকে তাঁদের কাজে লাগানো হয়েছে। পাথরঘাটার সহকারী ভূমি কমিশনারের পদটি ফাঁকা থাকায় এ দায়িত্ব পালন করছেন ইউএনও নিজেই। খালপাড় ধরে একটু সামনে হাঁটতেই দেখা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা শ্রমিক দিয়ে যাঁর যাঁর সীমানার মধ্যে থাকা গাছগুলো কেটে নিয়ে যাচ্ছেন। খালের পানিপ্রবাহের গতিপথ প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধিকে দেখান তাঁরা। স্থানীয় লোকজন বলেন, পুনঃখননের ব্যবস্থা করলেই ছৈলাতলার খালটিতে প্রাণ ফিরে আসত। কিন্তু খালের অস্তিত্ব মুছে ফেলার সর্বশেষ আয়োজন চলছে এখন।
স্থানীয় বাসিন্দা আবদুল আজিজ (৯০) ও সুলতান আহমেদ (৭২) বলেন, দীর্ঘদিনের সরকারি ছৌলাতলার খাল ভরাট করে আশ্রয়ণ প্রকল্প করলে জলাধার আইন অমান্য করা হবে। এ ছাড়া এ খালে ভরাট করা হলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। এ অঞ্চলে নতুন করে জলাবদ্ধতাও তৈরি হবে।
তবে ইউএনও হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ প্রথম আলোকে বলেন, এই খাল অনেক বছর আগেই ভরাট হয়ে গেছে। এই খালে এখন আর পানির প্রবাহ নেই। তাই এখানে আশ্রয়ণ প্রকল্প করা হচ্ছে। শ্রেণি পরিবর্তনের আবেদন অনুমোদন পেয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সম্ভবত হয়েছে।’ হওয়ার আগেই কাজ শুরু করেছেন কেন, জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘ওটা তো (অনুমোদন) হবেই।’
জেলা প্রশাসক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রবহমান খাল ভরাট করে কেন আমরা আশ্রয়ণ প্রকল্প করব? এটি যদি করা হয়, তাহলে আমরা কাজ বন্ধ করে দেব।’