‘শ্রেণিকক্ষে কথা বলতে না পারলে শিক্ষকের নিরাপত্তা কোথায়’
একজন শিক্ষক শ্রেণিকক্ষে সবচেয়ে নিরাপদ থাকার কথা। তিনি সেখানে মনের মতো করে শিক্ষার্থীদের কাছে জ্ঞান সরবরাহ করবেন। সেখানে যদি তিনি মতামত, কথা না-ই ব্যক্ত করতে পারেন, বাস্তব কথা বলার জন্য কারাগারে যেতে হয় তবে একজন শিক্ষকের নিরাপত্তা কোথায়?
আজ বুধবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিভিন্ন সময়ে হিন্দুদের বাড়িঘর, মন্দিরে হামলা, অগ্নিসংযোগসহ ওই ধর্মের শিক্ষকদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা, বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী, মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি বিশ্বনাথ শিকদার, আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান, মার্কেটিং বিভাগের অধ্যাপক শুভ্রা রাণী চন্দ্র, শিক্ষার্থী নয়ন রায় প্রমুখ।
বক্তারা বলেন, যেকোনো ঘটনা ঘটার পরই একদল মানুষ অবিবেচকের মতো রংচং মাখিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। আর এ কারণে সাম্প্রদায়িক হামলা বেশি হচ্ছে। এ জন্য ইন্টারনেট ব্যবহারের বিষয়ে সচেতন হতে হবে।
অধ্যাপক রবিউল ইসলাম বলেন, একজন শিক্ষকের যে জ্ঞান, অভিজ্ঞতা আছে সেসব কথাগুলো যদি বলতেই না পারেন, তাহলে তাঁর নিরাপত্তা কোথায়? সবাই ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছেন। কিন্তু ডিজিটাল বাংলাদেশের কুফলও দেখা গেল। শ্রেণিকক্ষে শিক্ষক হৃদয় মণ্ডলের কথা রেকর্ডের পর বিকৃত করে ছড়িয়ে দিয়ে তাঁকে বিপদে ফেলা হয়েছে।
অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন, তাঁরা আজকে কেবল যে শিক্ষক হৃদয় মণ্ডল আর আমোদিনী পালের জন্য দাঁড়িয়েছেন তা নয়। প্রতিদিনই খবরের কাগজে আসছে সনাতন ধর্মাবলম্বীরা হামলার শিকার হচ্ছেন, কেউ ধর্ষণের শিকার হচ্ছেন, বিষপান করছেন। বঙ্গবন্ধু এই বাংলাদেশ চাননি। এই বাংলাদেশের জন্য দেশ স্বাধীন হয়নি।
মানববন্ধনে শুভ্রা রাণী চন্দ্র বলেন, বিজ্ঞান কোনো কাল্পনিক কথা বলে না। ধর্ম, বিজ্ঞান, দর্শন—প্রত্যেকেরই নিজ নিজ ক্ষেত্র আছে। একটাকে আরেকটার সঙ্গে মেলালে চলবে না। বিশ্বায়নের এই যুগে বিজ্ঞানের চর্চাটা আরও দরকার। ধর্মের প্রতি আনুগত্য আর ধর্মান্ধতা সম্পূর্ণ আলাদা।
সাবেক সহ-উপাচার্য ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এদেশের একটা পরিচয় ছিল তাঁরা সবাই বাঙালি। মুক্তিযুদ্ধে তো হিন্দু-মুসলিম সবাই অংশ নিয়েছেন। এখন তাঁদের দাবি, সরকার তথা রাষ্ট্রকে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। মাথাচারা দিয়ে ওঠা অপশক্তিগুলোকে দমন করতে হবে। না হলে এই দেশ নরকে পরিণত হবে।