শ্রেণিকক্ষের ওপর পড়া গাছ দুই মাসেও অপসারিত হয়নি
আধা পাকা টিনশেডের শ্রেণিকক্ষের ওপরে দুই মাস আগে একটি কাঁঠালগাছ উপড়ে পড়েছে। ওই গাছ সরানোর অনুমতি চেয়ে ইতিমধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একাধিক চিঠি চালাচালি করেছেন। কিন্তু অনুমতি মেলেনি। তাই সেখানে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। এ অবস্থা রংপুরের বদরগঞ্জ উপজেলার কাঁচাবাড়ি চৌপতিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
সরেজমিনে জানা যায়, একটি কাঁঠালগাছ বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ওপরে পড়ে আছে। এতে পাশাপাশি দুটি কক্ষে ফাটল দেখা দিয়েছে। গাছের আঘাতে অন্য কক্ষের ছাউনির জরাজীর্ণ টিন নষ্ট হয়ে যায়। এ অবস্থায় সেখানে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিউল বলে, ‘ঘরের (শ্রেণিকক্ষ) দেয়াল ফাটি গেইছে। গাওত ভাঙ্গি পড়ার ভয় নাগে।’ তৃতীয় শ্রেণির তাসকিয়া খাতুন বলে, ‘বৃষ্টি হইলে টিন দিয়া পানি পড়ি জামা, বইখাতা সউগ ভিজি যায়। সেই জন্যে রইদ (রোদ) না উটলে হামরা স্কুল আসি না।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা বলেন, ‘গত ২৫ জুন ঝড়ে শ্রেণিকক্ষের ওপরে উপড়ে পড়ে কাঁঠালগাছটি। এরপর তা অপসারণের জন্য গত ১৯ জুলাই উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করি। কিন্তু অদ্যাবধি গাছটি অপসারণের উদ্যোগ নেওয়া হয়নি। এ অবস্থায় ঝুঁকির মধ্যে ওই কক্ষগুলোতে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। এখন জরাজীর্ণ টিন দিয়ে কক্ষে পানি পড়ে। বৃষ্টি হলে শিক্ষার্থীদের বইখাতা ভিজে নষ্ট হয়।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদিন আহম্মেদ বলেন, ‘এটি বিধিমোতাবেক অপসারণের প্রক্রিয়া চলছে।’