বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে ষষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। পাশাপাশি আন্দোলনকারীদের ওপর স্থানীয় লোকজনের হামলাকারীদেরও বিচার চাচ্ছেন তাঁরা।
এসব দাবিতে আজ মঙ্গলবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এ সময় গ্রেপ্তার আসামিদের বিচারের আওতায় নিয়ে আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আসামিদের ছাড় না দেওয়ার অনুরোধ জানান তাঁরা।
গত বুধবার রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ও একজন ছাত্রী গোপালগঞ্জ শহরের হেলিপ্যাড থেকে নবীনবাগের দিকে ফিরছিলেন। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তাঁদের গতি রোধ করে। দুর্বৃত্তরা ছাত্রকে মারধর করে ওই ছাত্রীকে পাশের নির্মাণাধীন জেলা প্রশাসন স্কুল ও কলেজ ভবনে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। রাতে ধর্ষণের খবর ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা গোপালগঞ্জ থানা ঘেরাও করেন।
এরপর গত বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেন। সেদিন বিকেলে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা ও ছাত্রলীগ মিলে ধাওয়া দিয়েছে। এর পর থেকে ধর্ষকদের পাশাপাশি হামলাকারীদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আসছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও আন্দোলনের মুখপাত্র আবদুল্লাহ রাজু। এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনন্যা রহমান।
রাজু বলেন, ‘আমাদের দ্বিতীয় দাবি ছিল ধর্ষণের প্রতিবাদে আন্দোলন কর্মসূচিতে হামলাকারীদের চিহ্নিত করা ও শাস্তির আওতায় নিয়ে আসা। গতকাল আমাদের শিক্ষকেরা বলেছেন, বৃহস্পতিবারের মধ্যে হামলাকারীদের নামে মামলা করা হবে। যদি তাঁরা বিচারের আওতায় নিয়ে আসতে ব্যর্থ হন, আমরা আন্দোলন চালিয়ে যাব।’ সবশেষ দাবি হিসেবে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষার্থীরা।
ধর্ষণের ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে র্যাব ছয়জনকে ও পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে র্যাবের হাতে গ্রেপ্তার ছয়জন আজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।