চলমান রাজনৈতিক সংকট সমাধানে সরকার ও বিরোধী পক্ষকে অবিলম্বে সংলাপে বসার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। নইলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
হেফাজতের নেতারা দাবি করেছেন, ক্ষমতার লড়াইয়ে বিদেশি ‘প্রভুদের’ কাছে টানার প্রতিযোগিতায় নেমেছে দুই পক্ষ। বিদেশি শক্তির আগ্রাসন ও অনুপ্রবেশ ঘটিয়ে দেশকে ইরাক, আফগানিস্তান বানানোর চক্রান্ত করা হচ্ছে।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে নেতারা এসব কথা বলেন। এতে হেফাজতের আমিরের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহাসচিব জুনায়েদ বাবুনগরী। হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফী সংবাদ সম্মেলনে ছিলেন না। গত মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, রাজনৈতিক সংকটকে ভিন্ন খাতে নিতে আলেম সমাজ ও কওমি মাদ্রাসার ছাত্রদের জড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার-নাটক তৈরি করে জঙ্গিবাদের কল্পকাহিনি সাজাচ্ছে। ইসলামি বইকে ‘জিহাদি বই’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। মন্ত্রিসভায় কতিপয় ‘ইসলামবিদ্বেষী নাস্তিক মন্ত্রী’ রয়েছেন দাবি করে তাঁদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ওলামা-পীর-মাশায়েখ ও তৌহিদি জনতার প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেফাজতের মহাসচিব বলেন, পার্বত্য চুক্তির জন্য সংলাপে বসতে পারলে দেশের শান্তির জন্য কেন সংলাপ হবে না। জিহাদকে হেফাজত একশ ভাগ সমর্থন করে জানিয়ে তিনি বলেন, এর অর্থ জঙ্গিবাদ, উগ্রবাদ, হানাহানি, মারামারি ও সন্ত্রাস নয়। দেশে জিহাদ করার মতো পরিস্থিতি রয়েছে কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নবী ও ইসলামের দুশমন নাস্তিক, মুরতাদদের বিরুদ্ধে এবং যারা মানবতার বিরুদ্ধে কাজ করে; যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে আন্দোলন করা হলো বর্তমান জিহাদ।’
অন্য এক প্রশ্নের জবাবে সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, কেউ দোষী হলে অবশ্যই তাকে শাস্তি দেওয়া হোক। কিন্তু সঠিক তদন্ত ছাড়াও বিভিন্ন ব্যক্তিকে জঙ্গি, সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির মহিবউল্লাহ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মাহমুদুল হাছান, মঈনুদ্দীন রুহী, কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য মো. ইসহাক, মো. আবদুল্লাহ, হেফাজতের আমিরের বড় ছেলে মো. ইউসুফ, আমিরের প্রেস সচিব মনির আহমেদ প্রমুখ।