সংকটে থাকা জনগণের কাছে এবারের ঈদ ছিল নিরানন্দের: এমরান সালেহ
নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বন্যা, অর্থনৈতিক সংকট ও দুর্ভোগে নিমজ্জিত জনগণের কাছে এবারের ঈদ নিরানন্দ ও কষ্টকর ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, সরকারের দুঃশাসন ও ব্যর্থতায় জনগণের মনে স্বস্তি, শান্তি ও আনন্দ নেই।
আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা গ্রামে নিজ বাড়িতে বিএনপির নেতা–কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন বিএনপির এই নেতা।
এমরান সালেহ বলেন, বিএনপি সুখ-দুঃখে জনগণের পাশে থাকে বলেই ঈদের দিনেও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে ছিল। তাঁদের কোরবানির গোশত, চাল, ডাল, তেল ও ঈদের নতুন পোশাকসহ নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছে। অথচ আওয়ামী লীগের কাউকে মানুষের পাশে দেখা যায়নি। তারা ‘লিপ সার্ভিস’–এ ব্যস্ত।
‘কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই’ প্রবাদের মতো সরকারের ত্রাণ সহযোগিতা খাতায় আছে, ক্ষতিগ্রস্ত মানুষের হাতে নেই মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের নেতারা জনগণকে বিভ্রান্ত করতে প্রতিনিয়ত মিথ্যাচার করছেন।
এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, জেলা বিএনপির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া, আবদুল হাই, আবু হাসনাত বদরুল, বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আরফান আলীসহ ময়মনসিংহ–হালুয়াঘাট বিএনপি, এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।