সংবাদকর্মীর ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ রোববার ভোটের তথ্য সংগ্রহে গিয়ে ছাত্রলীগের মারধরে আহত সাংবাদিক সেলিম শিকদার
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ভোটের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সংবাদকর্মী ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে উপজেলার পুঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকেরা হলেন দৈনিক ‘লাখোকণ্ঠ’ পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম শিকদার ও ‘আজকের দর্পণ’ পত্রিকার প্রতিনিধি সাজ্জাদ হোসেন। আহত সাংবাদিকদের ২০ শয্যাবিশিষ্ট পূর্ণিমাগাঁতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী দৈনিক ‘আলোকিত বাংলা’ পত্রিকার সাংবাদিক মাসুদ রানা বলেন, ‘আমরা তিন সাংবাদিক পুঠিয়া কেন্দ্রে তথ্য সংগ্রহের জন্য যাচ্ছিলাম। এ সময় একটি বুথে আমজাদ হোসেন নামের নৌকার এক এজেন্টকে প্রকাশ্যে ভোট দিতে দেখে টহলরত পুলিশ ও প্রিসাইডিং কর্মকর্তাকে বিষয়টি জানালে তাঁরা ওই এজেন্টকে আটক করেন। পরে কেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় ছাত্রলীগের কর্মী শোভনের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। এ সময় সেলিম শিকদার ও সাজ্জাদকে বেধড়ক পেটানো হয়। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই কেন্দ্রের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন জানান, কেন্দ্রের ভেতরে কোনো মারধরের ঘটনা ঘটেনি। এ ঘটনা কেন্দ্র থেকে বেশ দূরে ঘটতে পারে।

আহত সাংবাদিক সেলিম শিকদার বলেন, ‘পুলিশের সামনে থেকে টেনেহিঁচড়ে নিয়ে শোভন ও তাঁর লোকজন আমাদের মারধর করেছে।’

এ ব্যাপারে জানতে শোভনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ জানান, শোভন নামের কাউকে চিনি না। এ হামলার ঘটনা স্থানীয় লোকজনের মধ্যে হতে পারে। এমন ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই।’

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ‘সাংবাদিকদের মারধরের বিষয়টি আমরা জানি না। আমরা কেন্দ্রের ভেতরে ছিলাম।’