সিলেটের বাপা নেতার সাক্ষাৎকার
সংরক্ষিত বনকে সাফারি পার্ক বানানো প্রকৃতির সঙ্গে তামাশা
মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনে সাফারি পার্ক করার মহাপরিকল্পনা অনুমোদন করা হয়েছে। এটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের নির্বাচনী এলাকা। পরিবেশবাদীদের আপত্তি উপেক্ষা করে সাফারি পার্কটি করা হচ্ছে। এ নিয়ে প্রথম আলো কথা বলেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিলেট শাখার সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরীর সঙ্গে।
প্রশ্ন :
প্রথম আলো: পরিবেশবাদীদের আপত্তি উপেক্ষা করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের নির্বাচনী এলাকা মৌলভীবাজারের লাঠিটিলা সংরক্ষিত বনে সাফারি পার্ক হচ্ছে। বিষয়টিকে কীভাবে দেখছেন?
আবদুল করিম চৌধুরী: পরিবেশমন্ত্রীর এলাকায় লাঠিটিলা সংরক্ষিত বনাঞ্চলে দেশের তৃতীয় সাফারি পার্ক নির্মাণকে প্রকৃতি ও পরিবেশের সঙ্গে তামাশা হিসেবে দেখছি। বিদ্যমান দুটি সাফারি পার্ক ও বিভিন্ন চিড়িয়াখানার চরম অব্যবস্থাপনার মধ্যে একটি সংরক্ষিত বনকে পার্ক বানানো অবিবেচক সিদ্ধান্ত। এমন সিদ্ধান্তের পেছনে রয়েছেন বন বিভাগের প্রকল্পবাজ কিছু কর্মকর্তা, যাঁরা বন বিভাগের লোকবলসংকটের সমাধান না করে, বনের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে মনোযোগ না দিয়ে বন্য প্রাণীসমৃদ্ধ এ বনকে পর্যটনকেন্দ্র বানানোর দুর্বুদ্ধি দিয়েছেন মন্ত্রীকে।
প্রায় হাজার কোটি টাকার প্রকল্পের সংবাদে মন্ত্রীর নির্বাচনী এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়। বন ধ্বংসের বিষয়টি উপলব্ধি না করে সবাই ২০৩ কোটি টাকা বাজেটে আফ্রিকা থেকে কিনে আনা জেব্রা-জিরাফ দেখার স্বপ্ন দেখছে। সাফারি পার্কের নির্মাণকাজ ও শত কোটি টাকার কেনাকাটায় স্থানীয় সাধারণ মানুষের কোনো লাভ হবে না। সিলেট অঞ্চলের সন্তান হিসেবে মন্ত্রী কার্যকর ভূমিকা রাখতে পারতেন।
প্রশ্ন :
প্রথম আলো: শুধু লাঠিটিলা বন কেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার জলারবন, রাতারগুলের কথাও প্রসঙ্গক্রমে বলা যায়। রাতারগুল বন উন্নয়ন ও সংরক্ষণের নামে এর ধ্বংস ত্বরান্বিত করা হচ্ছে বলে বাপার পক্ষ থেকে আপনারা অভিযোগ করেছিলেন। রাতারগুলের বর্তমান চিত্র কেমন?
আবদুল করিম চৌধুরী: বন বিভাগ রাতারগুলকে বলছে ‘বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা’। জাতীয় তথ্য বাতায়নে বন বিভাগের রক্ষিত এলাকার তালিকায় তা লেখা আছে। তবে রাতারগুলে বর্তমানে দেশের ৬৪ জেলার পর্যটক ছাড়া অন্য কোনো বিশেষ জীববৈচিত্র্য নেই! রাতারগুল এখন একটি বিনোদনকেন্দ্র। আমাদের শত আপত্তির মুখে ২০১৩ সালে টাওয়ার নির্মাণ করা হয়। পাঁচ বছরের মাথায় সেই টাওয়ার আরোহণের জন্য বিপজ্জনক বলে বন্ধ রাখা হয়েছে। কিন্তু বনের ঠিক কেন্দ্রে বানানো এই টাওয়ার চড়তে পাঁচ বছরে হাজার হাজার পর্যটক বনের ভেতরে গিয়েছেন। এখন রাতারগুল বনে প্রবেশের তিনটি পথ ব্যবহার করে পর্যটকেরা টাওয়ার পর্যন্ত আসেন। ফলে মানুষের কোলাহলের মধ্যে এই বনকে ‘বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা’ বলা হাস্যকর।
প্রশ্ন :
প্রথম আলো: সিলেটের বনাঞ্চল যেমন ধীরে ধীরে কমছে, তেমনই আবাসন ও উন্নয়নের নামে প্রায়ই দেখা যায়, নির্বিচারে গাছ কাটা হচ্ছে। সিলেট নগরও এর ব্যতিক্রম নয়। এ নিয়ে কী বলবেন?
আবদুল করিম চৌধুরী: সিলেট সিটি করপোরেশনভুক্ত এলাকায় সবুজের আচ্ছাদন কমেছে। সোজা কথায়, বৃক্ষহীন রুক্ষ নগর এখন সিলেট। উন্নয়ন কর্মকাণ্ডের কারণে বড় বড় গাছ কেটে বাহারি মৌসুমি ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে সড়ক বিভাজক। নগরের রিকাবিবাজার থেকে সুবিদবাজার সড়কে ছিল অনেক ছায়াবৃক্ষ। সেগুলো কাটা শুরু হলে আমরা বাধা দিলে বলা হয়, এখানে বৃক্ষ লেন হবে। একটা গাছের বদলে ১০টা গাছ লাগানো হবে। বৃক্ষ লেনে যে জায়গা রাখা হয়েছে, তাতে রাধাচূড়ার সীমিত উচ্চতার গাছেই আমাদের সন্তুষ্ট থাকতে হয়েছে। মেয়র সাহেব (আরিফুল হক চৌধুরী) একটি বড় গাছের মূল্য বোঝেন না। তিনি মনে করেন, একটি বড় গাছের বদলে নদীর তীরে তিনি ১০টি গাছ লাগিয়ে পরিবেশের জন্য বিরাট অবদান রাখছেন। একটি বড় প্রাচীন বৃক্ষের সঙ্গে বাস্তুতন্ত্রের যে সম্পর্ক, তা আমরা সিলেট সিটি করপোরেশনকে উপলব্ধি করাতে ব্যর্থ হয়েছি।
প্রশ্ন :
প্রথম আলো: গাছ কাটার পাশাপাশি সিলেট শহর ও শহরতলিতে নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে। এক দশক আগেও যেখানে প্রচুরসংখ্যক পাহাড়-টিলা ছিল, এখন সেসব উধাও। পুকুর-জলাশয় ভরাট করে উঠছে বহুতল ভবন। হারিয়ে যাচ্ছে খেলার মাঠ। এই যে পরিবর্তন, এ অঞ্চলের পরিবেশ ও প্রতিবেশের ভবিষ্যৎ কী?
আবদুল করিম চৌধুরী: হতাশাবোধ করি। গত তিন দশকে সিলেট মহানগর ও আশপাশের এলাকার প্রায় ৫০ শতাংশ পাহাড়-টিলা বিনাশ করে আবাসিক এলাকা গড়ে উঠেছে। সম্প্রতি নগরের সীমানা বৃদ্ধির গেজেট প্রকাশ হতেই অবশিষ্ট টিলা বিনাশে উঠেপড়ে লেগেছে টিলাখেকো চক্র। প্রায় প্রতি রাতেই টিলা কাটা হয়। আমাদের কাছে টিলা কাটার সংবাদ আসে। আমরা অসহায়ের মতো পরিবেশ অধিদপ্তর বা স্থানীয় প্রশাসনকে জানাই। তারা অভিযানে যেতে যেতে টিলাখেকোরা পালিয়ে যায়। টিলা কাটা মাটি দিয়ে ভরাট হয় পুকুর, দিঘি ও জলাশয়। দিঘির শহর হিসেবে পরিচিত সিলেট থেকে পুকুর-দিঘি কমে যাওয়ার অন্যতম কারণ আইন প্রয়োগে শিথিলতা। একই অবস্থা বলা যায় মাঠের ক্ষেত্রেও।
প্রশ্ন :
প্রথম আলো: এবার অন্য প্রসঙ্গে আসি। হয়তো লক্ষ করেছেন, শীতের মৌসুম হওয়ায় সম্প্রতি সিলেটের হাওর ও জলাভূমিতে অতিথি পাখিদের বিচরণ বেড়েছে। পরিযায়ী পাখির সঙ্গে বকসহ দেশি পাখি শিকারও বেড়েছে। নানা হোটেল-রেস্তোরাঁয় অনেকটা প্রকাশ্যেই পাখির মাংস বিক্রি হচ্ছে। কী বলবেন?
আবদুল করিম চৌধুরী: সিলেট নগরে প্রকাশ্যে পরিযায়ী পাখি বিক্রি এখন বন্ধ। আমরা গত দেড় দশকে অনেক মানুষকে সচেতন করেছি। পাখি বিক্রেতাদের আটক করতে স্কুলপড়ুয়া বাচ্চারা আমাদের মুঠোফোনে কল করে সাহায্য চায়। যদিও একশ্রেণির ভোজনরসিকদের কারণে দেশীয় ও পরিযায়ী পাখি এখনো গোপনে বিক্রি হয়। সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারের একাধিক হোটেল-রেস্তোরাঁয় পরিযায়ী পাখি বিক্রি বন্ধ করা সম্ভব হয়নি। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের আরও তৎপর হওয়া প্রয়োজন।
প্রশ্ন :
প্রথম আলো: আর কিছু বলতে চান?
আবদুল করিম চৌধুরী: সবশেষে বলব, সিলেট অঞ্চলে পরিবেশের অনেক সমস্যা রয়েছে। সমস্যা সমাধানে সিলেটের অঞ্চলের সন্তান বন ও পরিবেশমন্ত্রী কার্যকর ভূমিকা রাখতে পারতেন। কিন্তু লাঠিটিলায় সাফারি পার্ক নির্মাণের চিন্তা সিলেট অঞ্চলের প্রতিবেশের জন্য নতুন সমস্যা তৈরি করবে।