সংরক্ষিত বনে কার্বন কমছে

মানবসৃষ্ট উপদ্রবের কারণে কাপ্তাই জাতীয় উদ্যানে কমছে কার্বন। অন্যদিকে বসতঘর বন কার্বন সঞ্চয় করে ক্ষতি কমিয়ে আনছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের কর্ণফুলী রেঞ্জ এলাকায়। ছবিটি সম্প্রতি তোলা
সুপ্রিয় চাকমা

অবৈধ দখল, বৃক্ষ নিধন ও জুমচাষের কারণে কাপ্তাই জাতীয় উদ্যানের সংরক্ষিত বন থেকে অনেক দেশীয় এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রজাতির গাছ কমে যাচ্ছে। এর ফলে বনে কার্বন মজুতে প্রভাব পড়ছে। মানবসৃষ্ট ব্যাঘাত ও উপদ্রবের কারণে সিতাপাহাড় নামে পরিচিত এই বনের কোনো কোনো স্থানে কার্বন ৪৫ শতাংশ পর্যন্ত কমেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান বিভাগের একদল গবেষকের গবেষণায় এই চিত্র উঠে এসেছে। তবে একই গবেষক দলের অন্য দুটি পৃথক গবেষণায় দেখা গেছে, বাড়ির পাশের বন বা বসতঘর বন (হোমস্টেড ফরেস্ট) কার্বন মজুতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দলটি বান্দরবান এবং কক্সবাজারের মহেশখালীতে বসতঘর বনে কার্বন সংরক্ষণের ওপর পৃথক দুটি গবেষণা পরিচালনা করে। কক্সবাজারের মহেশখালীর বসতঘর বনের গাছপালায় প্রতি হেক্টরে ৪৬ টন কার্বন এবং বান্দরবানে ৩৬ টন কার্বন মজুত রয়েছে বলে গবেষণায় উঠে এসেছে। এভাবে প্রাকৃতিক বনের পাশাপাশি বসতঘর বন উল্লেখযোগ্য পরিমাণ কার্বন মজুত রেখে জলবায়ু পরিবর্তন প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে গবেষণায় উঠে এসেছে।

তিনটি গবেষণায় নেতৃত্ব দিয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক তড়িৎ কুমার বল। গবেষণাগুলো সম্পন্ন হয়েছে ২০২১ সালে। তিনটি গবেষণায় আরও যুক্ত ছিলেন সহযোগী অধ্যাপক রাজশ্রী নন্দী ও ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ডের জ্যেষ্ঠ গবেষক আন্তি কিলপেলেইনেন, অধ্যাপক মো. মহিউদ্দিন, সহযোগী অধ্যাপক শ্যামল কর্মকার, কোপেনহেগেন ইউনিভার্সিটির গবেষক লার্স হলগার স্মিথ, তাসলিমা সুলতানা, শিক্ষার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী, জামাল উদ্দিন, তাসকিরা আকতার ও কামরুল হাসান।

‘পার্বত্য চট্টগ্রামের সিতাপাহাড় সংরক্ষিত বনাঞ্চলের তিন ভিন্ন ক্যানোপি (আচ্ছাদন) আচ্ছাদিত অংশে কার্বনের মজুত’ শীর্ষক গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয় ‘ফরেস্ট ইকোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট’ জার্নালে। গবেষণায় উল্লেখ করা হয়, ৩৭৩ হেক্টর জায়গাজুড়ে বিস্তৃত সিতাপাহাড় বনটি সংরক্ষিত ঘোষিত হয় ১৮৭৫ সালে। ১৯৯৯ সালে এটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কাপ্তাই জাতীয় উদ্যানের অন্তর্ভুক্ত করা হয়।

সিতাপাহাড়ের ওপর গবেষণায় বনের জীবন্ত গাছ, চারাগাছ, লিয়ানা (একধরনের কাষ্ঠলতা), মৃত গাছ, পাতা, হিউমাস ও মাটিতে কার্বনের পরিমাণ পরিমাপ করা হয়। গবেষণায় বনকে ঘনত্ব অনুযায়ী আচ্ছাদিত, মৃদু আচ্ছাদিত ও কম ঘনত্বের—এই তিন শ্রেণিতে ভাগ করা হয়। এই তিন শ্রেণিতে প্রতি হেক্টরে কার্বনের পরিমাণ পাওয়া গেছে যথাক্রমে ৯১, ৭২ ও ৫০ টন।

গবেষণায় দেখা গেছে, মানবসৃষ্ট ব্যাঘাত ও উপদ্রবের কারণে বনের আচ্ছাদিত ও আংশিক আচ্ছাদিত অংশের তুলনায় কম ঘনত্বের অংশের জীবন্ত গাছে কার্বন ৮১ শতাংশ পর্যন্ত কমেছে।

গবেষক তড়িৎ কুমার বল বলেন, কম ঘনত্বের বনে গাছের সংখ্যা কম হওয়ায় ঝরাপাতা ও জৈব বস্তুতে কার্বনের পরিমাণ আচ্ছাদিত ও মৃদু আচ্ছাদিত বনের তুলনায় ৯৫ শতাংশ পর্যন্ত কমেছে। কম ঘনত্বের অংশে গাছের পরিমাণ কম হওয়ায় উন্মুক্ত জায়গায় ঝরাপাতাগুলো দ্রুত শুকিয়ে যায়। ফলে কার্বনের পরিমাণ কমে যায়। গাছপালা কেটে ফেলার কারণে এ পরিস্থিতি হয়েছে।

বসতঘর বন

বাংলাদেশে বসতঘর বনের পরিমাণ দশমিক ২৭ মিলিয়ন হেক্টর, যা দেশের মোট বনভূমির শতকরা ১০ ভাগ। এ বনের জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি কার্বন ধরে রাখার প্রচুর সম্ভাবনার কথা উঠে এসেছে অপর দুটি গবেষণায়।

‘বাংলাদেশের দক্ষিণাংশে মহেশখালী দ্বীপে বসতবাড়ির বনে কার্বন মজুতের ওপর বৃক্ষ প্রজাতি ও বনের গঠনের প্রভাব’ শীর্ষক গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘কার্বন ব্যালেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট’ জার্নালে।

মহেশখালীতে ২৩৯টি বসতঘর বনের ওপর জরিপ করে জীববৈচিত্র্য ও মজুতকৃত কার্বনের পরিমাণ বের করা হয়েছে। গবেষণায় দেখা যায়, এ দ্বীপের বসতঘর বনে ৫২টি প্রজাতির গাছ রয়েছে। এই বৃক্ষরাজিতে প্রতি হেক্টরে ৪৬ টন কার্বন মজুত রয়েছে। অন্যদিকে বান্দরবানে ‘জলবায়ু পরিবর্তন প্রশমনে বাংলাদেশে বসতবাড়ির বনে মজুতকৃত কার্বনের সম্ভাবনা’ শিরোনামে অপর গবেষণাটি প্রকাশিত হয় ‘সায়েন্টিফিক রিপোর্টসে’। বান্দরবান সদর উপজেলার তিনটি ইউনিয়নে ভিন্ন উচ্চতার ১৭৬টি বসতবাড়ি বনের ওপর গবেষণা চালানো হয়। গবেষণায় গ্রামীণ বনের ঝরাপাতা, মাটিতে কার্বনের পরিমাণ পরিমাপ করা হয়।

দেখা গেছে, এখানকার তিন উচ্চতার বনের গাছে সামগ্রিকভাবে কার্বনের পরিমাণ ৩৬ দশমিক ৩৫ শতাংশ টন প্রতি হেক্টরে এবং ঝরাপাতা ও মাটিসহ সমগ্র ইকোসিস্টেমে প্রতি হেক্টরে কার্বনের পরিমাণ ৮৯ টন, যা ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক বনের কার্বনের পরিমাণ অপেক্ষা বেশি।