নাটোরের গুরুদাসপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগকে উপেক্ষা করে পৃথক ছায়া কমিটি গঠনের অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে। তাঁর এই কর্মকাণ্ডের কারণে দলের ভেতর কোন্দল সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিদ্যমান কমিটির নেতারা।
সংসদ সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ এনে আজ শুক্রবার সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগ। পৌর শহরের চাঁচকৈড় বাজারের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান লিখিত অভিযোগ পাঠ করেন।
লিখিত বক্তব্যে সভাপতি আনিসুর রহমান বলেন, আওয়ামী লীগের নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি থাকা সত্ত্বেও দলের গঠনতন্ত্র উপেক্ষা করেই একটি ছায়া কমিটি গঠন করেছেন সংসদ সদস্য। অথচ ২০২০ সালে ত্রিবার্ষিক সম্মেলনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গঠিত উপজেলা ও পৌর আওয়ামী লীগের মেয়াদ এখনো শেষ হয়নি। গত ২০ ফেব্রুয়ারি দ্বিতীয় মেয়াদে জেলা আওয়ামী লীগের সভাপতি মনোনীত হওয়ার পর আরও বেপরোয়া হয়ে উঠেছেন তিনি। উপজেলা ও পৌর আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের গঠিত কমিটির লোকদের বাদ দিয়ে তাঁর অনুগত ছায়া কমিটির লোকদের নিয়েই ২০ জুন একটি বর্ধিত সভা এবং ২২ জুন আরেকটি বর্ধিত সভা করেছেন সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস। স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার কারণে সংগঠন পরিপন্থী কার্যকলাপ করছেন তিনি। তাঁর এসব কার্যক্রমের কারণে দলের ভেতর কোন্দল সৃষ্টি হচ্ছে। এতে দলের ত্যাগী নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন।
এমন পরিস্থিতি মোকাবিলায় দলীয় প্রধান শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা।
জানতে চাইলে ছায়া কমিটি গঠন এবং জায়গা দখলের অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অভিযোগকারীই সংগঠনবিরোধী কার্যক্রমসহ নানা রকম অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছেন। এখন নেতৃত্ব হারানোর ভয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন তাঁরা।’ জমি দখলের মতো কোনো ঘটনার সঙ্গে তিনি ও তাঁর পরিবার জড়িত নেই বলে দাবি করেন সংসদ সদস্য।
এ ছাড়া সংসদ সদস্যের ছেলের নামে প্রতিষ্ঠিত ‘কল্লোল ফাউন্ডেশন’-এর নামে অন্যের জায়গা দখল, তাঁর নিজ গ্রাম উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা গ্রামে অবস্থিত কোচপুকুর নামে ১ দশমিক ৪৯ একর জায়গা দখল করে বসতবাড়ি নির্মাণ এবং মহিলা সমিতির নামে বরাদ্দকৃত জায়গা দখলের অভিযোগ আনা হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে বলা হয়, সংসদ সদস্য আব্দুল কুদ্দুস বিগত পৌর নির্বাচনে দলীয় প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ আলীর বিপক্ষে অবস্থা নেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সরকারি দলের সংসদ সদস্যের এমন কার্যক্রমের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এমন পরিস্থিতি মোকাবিলায় দলীয় প্রধান শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল মোহাম্মদ আলী, জেলা তথ্য ও গবেষণা সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি মো. আব্দুল বারীসহ তৃণমূল আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।