দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
‘সংসার তো আর চলে না’
খাবার তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় লাভ তুলতে পারছেন না খাবার হোটেল ব্যবসায়ীরা। ক্রেতা ধরে রাখতে দামও বাড়াতে পারছেন না।
পাবনার বেড়া বাজারে ছোট একটি খাবারের হোটেল চালান এনামুল হক। হোটেলে শিঙাড়া, পুরি, নিমকি ও ছোলা বানিয়ে বিক্রি করেন। মাস ছয়েক আগেও দোকানভাড়া ও অন্য খরচ বাদ দিয়ে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা আয় থাকত। কিন্তু এখন এই দোকান থেকে ২৫০ থেকে ৩০০ টাকা আয় করাই কঠিন হয়ে গেছে তাঁর। এর কারণ একটাই। আর তা হলো ভোজ্যতেল, আটা, ছোলাসহ বিভিন্ন পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি।
এনামুল হক বলেন, তাঁর দোকানের খাবার তৈরির মূল উপকরণ হলো সয়াবিন তেল আর আটা। ৯০ টাকা লিটারের সয়াবিন তেল এখন ১৮০ টাকা। ২২ কেজি দরের আটা ৩২ টাকা হয়ে গেছে। এর সঙ্গে এলপি গ্যাসের (সিলিন্ডার) দামও বেড়েছে। ফলে সব মিলিয়ে উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে গেছে। এ অবস্থায় শিঙাড়া, পুরির আকার ছোট করলে খরচ হয়তো কিছুটা কমানো যেতে পারে। কিন্তু এমন করলে ক্রেতারা কেউ আর খেতে আসবেন না। দিন শেষে যে আয় থাকে, তা দিয়ে তাঁর মতো গরিবের সংসার তো আর চলে না।
শুধু এনামুল নন, বেড়া উপজেলার ক্ষুদ্র হোটেল (খাবার) ব্যবসায়ীদের এখন দুঃসময় চলছে। খাবার তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় অনেকের আয় কমে গেছে। ক্রেতা ধরে রাখতে তাঁরা খাবারের দাম বা আকারে বড় পরিবর্তন আনতে পারছেন না।
বেড়া বাজারের পৌর মার্কেটের সামনে ফুটপাতে শিঙাড়া, পুরি, বড়াসহ বিভিন্ন ধরনের তেলে ভাজা বানিয়ে বিক্রি করেন নরেশ দাস। সুস্বাদু ও দামে সাশ্রয়ী বলে তাঁর খাবারের চাহিদা বেশ। শিঙাড়া, পুরি বা যেকোনো বড়া তিনি বিক্রি করেন জোড়া পাঁচ টাকায়। মাস ছয়েক আগেও এই দামে খাবার বিক্রি করে ভালোই লাভ হতো তাঁর। কিন্তু এখন সচ্ছলতা দূরের কথা, ঋণ করেও কোনোভাবে সংসার চালাতে পারছেন না।
নরেশ বলেন, ‘যেভাবে তেল, আটার দাম বাড়ছে, তাতে হয় আমাকে দাম বাড়াতেই হবে, নয়তো ব্যবসা বন্ধ করে দিতে হবে।’
বেড়া পৌর এলাকার রিকশাচালক বুলবুল হোসেন ও দোকান কর্মচারী সজীব মিয়া বলেন, কাজে বের হয়ে ছোট ছোট খাবারের হোটেল থেকে টুকটাক নাশতা কিনে খেতেন। এখন সেখানেও দাম বাড়িয়ে দিলে তাঁরা চলবেন কী করে?
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা শাখার সভাপতি এ বি এম ফজলুর রহমান বলেন, তেল, আটা, সিলিন্ডারের দাম বাড়ায় ক্ষুদ্র হোটেল ব্যবসায়ীদের পরিস্থিতি এখন সবচেয়ে খারাপ। সরকারের উচিত এ ব্যাপারে নজর দেওয়া। নয়তো তাঁদের ব্যবসা বন্ধ হয়ে যাবে।