সংস্কারে ত্রুটি, নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর-মির্জাপুর সড়কের পিচঢালাইয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে
প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার মির্জাপুর-হরষপুর সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নানা ত্রুটি পাওয়ায় কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রকৌশলীর কার্যালয়। ছয় দিন ধরে ঠিকাদার সড়কে কোনো কাজ করছেন না।

স্থানীয় লোকজন বলেন, খানাখন্দে ভরা এ সড়ক দিয়ে অর্ধলাখ মানুষ চলাচল করে। তাঁদের দীর্ঘদিনের দাবি ছিল বেহাল সড়কটি ঠিক করা। ঠিকাদার যেন সব শর্ত পূরণ করে দ্রুত আবার কাজে ফেরত আসেন, সেদিকে তদারক করা উচিত প্রশাসনের।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান বলেন, চার কোটি টাকা ব্যয়ে এই সড়কের মেরামতকাজ শুরু হয়। নতুন পিচঢালাই করা অংশে অনেক জায়গা থেকে বিটুমিন ও পাথর আলাদা হয়ে গেছে। মাটি সরে গর্ত হয়ে গেছে। সংস্কারকাজে ত্রুটি পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ভালো মানের বিটুমিন এনে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে তারপর আবার কাজ শুরু করতে বলা হয়েছে।

উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, গত অক্টোবরের প্রথম দিকে উপজেলার হরষপুর থেকে মির্জাপুর পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার সড়কের সংস্কারকাজ শুরু হয়। মেসার্স রাঙ্গামাটি ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ পায়। ইতিমধ্যে মির্জাপুর থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় এক কিলোমিটারের কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয় লোকজন বলেন, উপজেলার ইছাপুরা ও হরষপুর ইউনিয়ন এবং পাশের হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ এ সড়ক ব্যবহার করে। তা ছাড়া উপজেলার পরিষদ ও থানাসহ সব গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় এ সড়কের পাশে অবস্থিত।

মেসার্স রাঙ্গামাটি ট্রেডার্সের মালিক আতাউর রহমান বলেন, কাজ বন্ধ করা হয়নি। আবহাওয়া খারাপ থাকায় কাজ বন্ধ রয়েছে। মেশিন দিয়ে বিটুমিন পুড়িয়ে পাথর মিশিয়ে পিচঢালাই দেওয়া হয়। সেখানে একটি মেশিনে তাপমাত্রা বেশি হওয়ায় একটু সমস্যা হয়েছে। যেখানে–যেখানে সমস্যা হয়েছে, সেসব জায়গা তাঁরা ঠিক করে দেবেন। কোনো নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি।

ইউএনও ইরফান উদ্দিন আহমেদ বলেন, বিটুমিন থেকে পাথরগুলো সরে যাচ্ছে। তাই কাজ বন্ধ রাখার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন। পিচঢালাই উঠে যাওয়া অংশ মেরামত করেই সামনের দিকে যেতে হবে ঠিকাদারকে।