সকাল থেকে সিলেটে সূর্যের দেখা নেই

সকাল থেকে মাঝেমধ্যে বৃষ্টি থামলেও সূর্যের দেখা মিলছে নাছবি: আনিস মাহমুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোর থেকেই সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। মাঝেমধ্যে বৃষ্টি থামলেও সূর্যের দেখা মিলছে না। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত রোববার রাত থেকেই জেলায় এমন বৈরী আবহাওয়া দেখা যাচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মিললেও বিকেলের দিকে সূর্য উঁকি দিতে পারে।

এদিকে ভোর থেকে বৃষ্টি থাকায় নগরবাসীরা সড়কে বেরিয়ে ভোগান্তিতে পড়েছেন। নগরের বিভিন্ন এলাকায় উন্নয়ন প্রকল্পের জন্য খুঁড়ে রাখা মাটি বৃষ্টির পানির সঙ্গে মিশে কাদায় পরিণত হয়েছে। এ ছাড়া নগরের বেশ কয়েকটি সড়ক ভাঙাচোরা থাকায় সেগুলোতেও পানি জমে থাকতে দেখা গেছে। এর মধ্যে নগরের নাইওরপুল থেকে টিলাগড় মোড় এবং আম্বরখানা এলাকা থেকে শাহি ঈদগাহ সড়কে খানাখন্দ থাকায় পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

নগরের মিরাবাজার এলাকার ব্যবসায়ী রিপন আহমদ বলেন, এই রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। বৃষ্টি থাকলেও এ রাস্তায় সব সময় ধুলাবালি থাকে। এখন দুদিনের বৃষ্টিতে রাস্তার গর্তগুলোতে পানি জমে গেছে। আবার রাস্তার পাশে নর্দমার কাজ চলছে। সব মিলিয়ে পথচারীদের চলাচল করতে খুব কষ্ট হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবেই সিলেটে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং হালকা বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে আজ বিকেলের দিকে সিলেটের আকাশে সূর্য উঁকি দেওয়ার কথা রয়েছে। বুধবার থেকে আবহাওয়া স্বাভাবিক হতে পারে বলে জানান তিনি।