সকাল সাড়ে ৬টায় লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারলেন ১২টায়

সকাল থেকে ভোটাররা লাইনে দাঁড়ালেও ইভিএমের ধীরগতির কারণে ভোট দিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আজ সোমবার বেলা ১১টায় মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউপির কুন্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার বেলা একটা। তখনো ভোটকেন্দ্রে নারী ও পুরুষের চারটি দীর্ঘ সারি। সকাল থেকেই সারি চারটিতে ভোটাদের ভিড় কমছে না। ইভিএম পদ্ধতির ধীরগতির কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বলে জানালেন ভোটাররা।

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের ছয়না সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এমন চিত্র পাওয়া গেল।

এই কেন্দ্রে ভোট দেওয়ার জন্য সকাল সাড়ে ছয়টায় সারিতে দাঁড়িয়েছিলেন রীনা বেগম। তিনি দুপুর ১২টায় ভোট দিয়ে বের হন। ভোট দেওয়ার অভিজ্ঞতা জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, সকাল থেকে শীত উপেক্ষা করে তাঁরা ভোট দিতে এসেছেন। অনেকক্ষণ সারিতে থেকে কষ্ট করতে হয়েছে। এরপরও পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন, এটাই আনন্দের।

ঘটমাঝি ইউপি নির্বাচনে আজ সকাল ৮টায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে এ ইউপির ৯টি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এখানে চেয়ারম্যান পদে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। তবে আওয়ামী লীগের দুটি পক্ষ থেকে দুজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দুজনসহ চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছয়জন। ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৬২টি বুথে ২০ হাজার ৯৫৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার সদস্য মোতায়েন রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

এদিকে ইভিএম পদ্ধতিতে কোনো ধরনের জটিলতা কিংবা সমস্যার দেখা দিলে তাৎক্ষণিক সমাধানের জন্য নির্বাচন কমিশনের নিয়োগপ্রাপ্ত তিনজন টেকনিশিয়ান দায়িত্ব পালন করছেন। এরপরও ভোট দিতে এসে বিড়ম্বনায় পড়তে হচ্ছে ভোটারদের।

সরেজমিনে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ঘটমাঝি ইউপির চারটি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, প্রতিটি ভোটকেন্দ্রে নারী ও পুরুষ ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে এসেছেন। যাঁরা ভোট দিতে এসেছেন, তাঁরা দীর্ঘক্ষণ সারিতে দাঁড়িয়ে থেকে ভোটদানের কক্ষে প্রবেশ করছেন।

ছয়না সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া আলমগীর হোসেন (৬০) বলেন, ‘অন্য বছরের থেকে এ বছর ভোটের পরিবেশ খুবই ভালো। এখানে যাঁরা লাইনে, তাঁরা ভোট শুরু হওয়ার আগে ভোর ৬টায় এসেছেন। ভিড় বেশি হলেও নিজের ভোট নিজে দিচ্ছেন, যা এ এলাকায় আগে কখনো দেখা যায়নি।’

প্রতিটি ভোটকেন্দ্রে নারী ও পুরুষ ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো। আজ সোমবার দুপুরে মাদারীপুর সদরের ছয়না সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
ছবি: প্রথম আলো

ঝিকরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. শাকিল আহম্মেদ বলেন, এ এলাকায় আগে ইভিএমে ভোট হয়নি। তবে ভোটারদের ইভিএম পদ্ধতি বোঝাতে কোনো অসুবিধা হচ্ছে না। দুই দিন আগে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করে দেখানো হয়েছে ভোটারদের। তবুও সব ভোটার এই পদ্ধতিতে ভোট দিতে অভ্যস্ত নয়। তাই ভোটাররা কিছুটা ভোগান্তির শিকার হলেও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ইভিএমে ভোট এ এলাকায় নতুন। তাই কিছুটা সমস্যা হলেও সবাই ভোট দিতে পারছেন। কোনো সমস্যা নেই। যেখানে সমস্যা হচ্ছে, সেখানে টেকনিশিয়ানরা দ্রুত গিয়ে সমাধান করে দিচ্ছেন।

বেলা দেড়টায় ছয়না সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে এসে মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা বলেন, বহিরাগত ব্যক্তিরা কেউ ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারছেন না। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আনন্দঘন পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন।