সকালে দাদার সঙ্গে নাশতা করল মেয়েটি, দুপুরে মিলল বস্তাবন্দী লাশ
ইনছার আলী তাঁর নাতনি ইশা খাতুনকে (৪) সঙ্গে নিয়ে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে নাশতা করেন। পরে বাড়ির পাশে খেলতে যায় ইশা। দাদাও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। ঘণ্টা দুয়েক পর বাবা ইলিয়াস হোসেনের নজরে আসে তাঁর মেয়েটি কোথাও নেই। শুরু হয় চারদিকে খোঁজাখুঁজি।
পরে দুপুরে বাড়ির পাশের একটি গর্তে মুখ বাঁধা বস্তা চোখে পড়ে। বস্তা খুলেই পাওয়া গেল ইশার লাশ। মুহূর্তেই কান্নার রোল পড়ে স্বজনদের মধ্যে। এ ঘটনা নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের সাধুপাড়া গ্রামের।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আজ বেলা ১টার দিকে সাধুপাড়া গ্রামের মজিদ উল্লাহর ছেলে নুরুদ্দিনের আমবাগানে পানিশূন্য একটি গর্তে মুখ বাঁধা একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। কৌতূহলবশত বস্তাটি তুলে এনে মুখ খুলেই চোখে পড়ে ইশার লাশ। খবর পেয়ে লালপুর থানা-পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ইনছার আলী বলেন, ‘সকালেও ওকে সঙ্গে করে নাস্তা খাইছি। অথচ ওকে কে, কখন, কীভাবে বাড়ির আঙিনা থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করল, তা বুঝে উঠতে পারছি না। আমাদের তো কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। বিশেষ করে চার বছরের শিশু তো কারও কোনো ক্ষতি করেনি। তাহলে কেন তাকে নির্মমভাবে হত্যা করা হলো?’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুর রহমান বলেন, শিশুটির গলায় দাগ ও নাকে রক্তের দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, গলা টিপে ও শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।