সকালে সালিসে বিবাহবিচ্ছেদের রায়, বিকেলে গৃহবধূর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মাধবদীতে গ্রাম্য সালিসে মাতবরদের দেওয়া বিবাহবিচ্ছেদের রায় শুনে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার পাইকারচর ইউনিয়নের সাগরদী গ্রামে নিজ বাড়িতে রাসায়নিক পানে ওই নারী আত্মহত্যা করেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে মাধবদী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মারা যাওয়া গৃহবধূর নাম পারভিন বেগম (৪০)। তিনি সাগরদী গ্রামের সাঈদ মিয়ার মেয়ে। পারভিন স্থানীয় একটি টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিন মাস আগে পারভিনের সঙ্গে একই এলাকার মো. জাহাঙ্গীরের দেড় লাখ টাকা কাবিনে বিয়ে হয়। এদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে ছিল। এই বিয়ের আগেই পারভিনের চার সন্তান ও জাহাঙ্গীরের তিন সন্তান রয়েছে।

গৃহবধূর স্বজন ও স্থানীয় ব্যক্তিরা জানান, জাহাঙ্গীরের প্রথম স্ত্রী লিপি বেগম তাঁর স্বামীর দ্বিতীয় বিয়ে মানতে পারেননি। তিনি সোমবার বেলা ১১টার দিকে স্থানীয় প্রভাবশালীদের নিয়ে সালিস বৈঠক ডাকেন। ওই বৈঠকে নেতৃত্ব দেন মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন পাইকারচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি অহিদ মিয়া, সাধারণ সম্পাদক ফরিদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এতে পারভিন উপস্থিত না থাকলেও এক দিনের মধ্যে বিবাহবিচ্ছেদ কার্যকর ও কাবিনের পরিবর্তে ২০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করা হয়। কাজ শেষে বিকেলে বাড়িতে ফেরার পর তাঁকে সালিস বৈঠকের রায় শোনানো হয়। পরে তিনি নিজের ঘরের দরজা বন্ধ করে চাল সংরক্ষণে ব্যবহৃত এক প্রকার রাসায়নিক খেয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আমার মেয়ে তো শুধু শুধু আত্মহত্যা করে নাই। কাদের জন্য সে আত্মহত্যা করতে বাধ্য হলো, তাঁদের সবার বিচার করতে হবে।
সাঈদ মিয়া, নিহত পারভিনের বাবা

পারভিনের ছোট ভাই মো. কাউসার অভিযোগ করেন, সালিসে রায় দেওয়া হয়েছিল, জাহাঙ্গীর আর পারভিনের কাছে যেতে পারবেন না। ওই দিনই সন্ধ্যার মধ্যে তালাকের সব কার্যক্রম শেষ করতে হবে আর বুধবারের মধ্যে পারভিনের হাতে ২০ হাজার টাকা বুঝিয়ে দিতে হবে। পরে বিকেলে জাহাঙ্গীর এসে পারভিনকে বলেন, তিনি পারভিনকে তালাক দিতে চান না, কিন্তু সবাই মিলে তাঁকে বাধ্য করছেন তালাক দিতে। জাহাঙ্গীর চলে যাওয়ার পরেই পারভিন আত্মহত্যা করেন। এই ঘটনায় তাঁরা মামলা করবেন।
নিহত পারভিনের বাবা সাঈদ মিয়া বলেন, ‘আমার মেয়ে তো শুধু শুধু আত্মহত্যা করে নাই। কাদের জন্য সে আত্মহত্যা করতে বাধ্য হলো, তাঁদের সবার বিচার করতে হবে। এ ঘটনায় বাবা-মা হারিয়ে চারটা নাতি আমার এতিম হয়ে গেল আজ। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

মো. জাহাঙ্গীর ঘটনার পর থেকে পলাতক। তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর মিয়া দাবি করেন, তাঁরা সালিসে বসেছিলেন। মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানার নেতৃত্বে ওই সালিস হয়। তবে পারভিন ওই বৈঠকে উপস্থিত না থাকায় পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আলোচনা হয়। কিন্তু ওই দিন বিকেলেই পারভিনের সঙ্গে তাঁর স্বামীর কথাবার্তা হয় এবং এরপরেই তিনি আত্মহত্যা করেন।

মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানার সঙ্গে কথা বলার জন্য মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হয়। প্রতিবারই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, সাগরদী গ্রাম থেকে আত্মহত্যা করা এক নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাননি। তবে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।