সকালে সাহায্য চেয়ে ফোন, দুপুরে বিধবার বাড়িতে প্রতিমন্ত্রী
ঘড়ির কাঁটায় সকাল পৌনে নয়টা। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খানের ব্যবহৃত মুঠোফোন বেজে ওঠে। ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে এক নারী জানান, টাকার জন্য তিনি চিকিৎসা করাতে পারছেন না। ঘরে কোনো খাবার নেই। ওই নারীর অসহায়ত্বের কথা জানতে পেরে তাঁর বাড়িতে ছুটে যান প্রতিমন্ত্রী, হাতে তুলে দেন টাকা। প্রতিশ্রুতি দেন নতুন ঘর ও বিধবা কার্ড করে দেওয়ার। এ ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার নেত্রকোনা সদর উপজেলায়।
সহায়তা পাওয়া ওই নারীর নাম হাজেরা আক্তার (৫৫)। তাঁর বাড়ি নেত্রকোনার সদর উপজেলার নিশ্চিন্তপুর নাড়িয়াপাড়া এলাকায়। তাঁর স্বামী আফতাব উদ্দিন মারা গেছেন প্রায় এক যুগ আগে। এক মেয়ে আছে তাঁর। মেয়ের বিয়ে হয়ে গেছে। হাজেরা অন্যের বাড়িতে থাকেন। তাঁর ডান পা ভাঙা। দীর্ঘদিন ধরে অসুস্থ। কাজ করার সামর্থ্য নেই। মানুষের কাছে হাত পেতে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি।
সকালে ফোন পাওয়ার পর সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী বেলা দুইটার দিকে হাজেরা আক্তারের (৫৫) বাড়িতে যান। হাজেরার হাতে ৩০ হাজার টাকার চেক ও নগদ দুই হাজার টাকা তুলে দেন। এ সময় প্রতিমন্ত্রী তাঁকে বিধবা ভাতার কার্ড ও সরকারের পক্ষ থেকে একটি নতুন ঘর বরাদ্দ করাসহ জীবনধারণের সব ধরনের সুযোগ সুবিধা দিতে স্থানীয় প্রশাসন ও সমাজসেবা কার্যালয়কে নির্দেশ দেন।
নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ফজলু মিয়া বলেন, হাজেরা আক্তার খুব কষ্টে জীবন যাপন করছেন। এই সংসারে তাঁর আপন বলতে কেবল একটি মেয়ে আছে। কিন্তু মেয়ের পরিবারটিও হতদরিদ্র। তিনি অন্যের বাড়িতে থেকে–চেয়ে চলেন। অসুস্থ হওয়ায় এখন চলাফেরা করতে তাঁর কষ্ট হয়।
প্রতিমন্ত্রী আশরাফ আলী খান প্রথম আলোকে বলেন, ‘আজ বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার সময় হাজেরা আমাকে ফোন করেন। পরে খোঁজ নিয়ে দুপুরে তাঁর কাছে হাজির হয়ে ৩০ হাজার টাকার চেকসহ কিছু সহযোগিতা করা হয়। তাঁর প্রয়োজনীয় চিকিৎসা ও তিনি যেন ভালোভাবে জীবন যাপন করতে পারেন, সে জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিমন্ত্রীর কাছ থেকে সহায়তা পেয়ে আনন্দিত হাজেরা বলেন, ‘খুবই কষ্টে আছি। মাইনষের কাছে শুনছি মন্ত্রী সাহায্য করেন। পরে ভয়ে ভয়ে সহালে একজনের মোবাইল থাইক্কা ফোন দিছি। ফোন পাইয়া মন্ত্রী আমার কাছে আইছে। আমার চিকিৎসার লাইগ্গা টেহা দিছুন। আমারে ঘর, বিধবা ভাতাসহ আরও কিছু দিব কইছুন। দিলে বালা হইব।’