সখীপুরে অবৈধভাবে মজুত করা খাদ্যবান্ধব কর্মসূচির ২৬ বস্তা চাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল জেলার মানচিত্র

টাঙ্গাইলের সখীপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে সংগ্রহের পর মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২৬ বস্তা চাল। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানার নেতৃত্বে পুলিশের একটি দল আজ সোমবার দুপুরে হাতীবান্ধা ইউনিয়নের কাশেম বাজারের একটি মুদিদোকান থেকে এসব চাল উদ্ধার করে।

পুলিশ মুদিদোকানি বিল্লাল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে। ব্যবসায়ী বিল্লাল হোসেন হাতীবান্ধা গ্রামের বাসিন্দা। চাল উদ্ধারের ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন।

সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কাশেম বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিল্লাল হোসেনের মুদিদোকান থেকে অবৈধভাবে মজুত রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ২৬ বস্তা চাল উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি চাল আছে। ধারণা করা হচ্ছে, বিল্লাল এসব চাল বেশি মুনাফার আশায় অবৈধভাবে সংগ্রহ করে মজুত করছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও মামলার বাদী আশরাফুল আলম বলেন, চলতি মাস থেকে ১০ টাকা কেজির খাদ্যবান্ধব চাল ডিলারদের মাধ্যমে কার্ডধারীদের মধ্যে বিক্রি করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার হওয়া ওই ব্যবসায়ী কোনো ডিলার অথবা উপকারভোগীর কাছে থেকে চালের বস্তা কম দামে কিনে বেশি দামে বিক্রি করছিলেন।