সখীপুরে আ.লীগ কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে জমি দখলের অভিযোগ
টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের লাঙুলিয়া গ্রামে আওয়ামী লীগের কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে প্রায় তিন একর জমি দখল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম সখীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে এ-সংক্রান্ত লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, যাদবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শামসুল আলমসহ তাঁর তিন ভাই লাঙুলিয়া গ্রামে জমি দখল করে টিনের ছাপরাঘর তুলেছেন। ঘরের এক পাশে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের জন্য নির্ধারিত স্থান লিখে সাইনবোর্ডও সাঁটিয়ে দেওয়া হয়েছে।
নজরুল ইসলাম বলেন, ‘আমাদের জমিতে দলীয় কার্যালয়ের সাইনবোর্ড সাঁটানো থাকায় দুই বছর ধরে আমরা ওই জমিতে যেতে সাহস পাচ্ছি না।’
লিখিত অভিযোগে জানানো হয়, যাদবপুর ইউনিয়নের লাঙুলিয়া মৌজায় ৫৪৭ দাগে ৯৩ শতাংশ জমি লাঙুলিয়া গ্রামের শুকুর মামুদ ১৯৪৯ সালে সাবরেজিস্ট্রি মূলে ক্রয় করেন। শুকুর মামুদ মারা যাওয়ার পর তাঁর তিন ছেলে যথাক্রমে নজরুল ইসলাম (৬৫), বজলুল ইসলাম (৫৫) ও সেলিম আজাদ ওই জমি ভোগদখল করছিলেন। একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা জলিল সিকদার, শামসুল আলম ও আবদুল্লাহেল কাফী জমিটি ক্রয় করেছেন বলে দাবি করেন। ১০ বছর ধরে ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। ২০২০ সালের শেষ দিকে শামসুল আলম ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতা-কর্মী নিয়ে ওই জমিতে একটি টিনের ছাপরাঘর তুলে ৯৩ শতাংশ জমি দখল করেন। পরে তাঁরা ওই ঘরে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের একটি সাইনবোর্ড সাঁটিয়ে দেন।
গতকাল দুপুর ১২টার দিকে সরেজমিন লাঙুলিয়া গ্রামে দেখা যায়, সখীপুর-দেওবাড়ী পাকা সড়কের পাশে লাঙুলিয়া এলাকায় বিতর্কিত ওই জমির অবস্থান। জমিতে একটি ছাপরাঘরের এক পাশে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সাইনবোর্ড সাঁটানো আছে। সাইনবোর্ডটিও পুরোনো হয়ে গেছে। ওই স্থানের কয়েকটি ছবি তুলতেই জলিল সিকদারের ছেলেসহ কয়েক যুবক ছবি তুলতে বাধা দেন। পরে শামসুল আলমরা তিন ভাই এগিয়ে এলে প্রথম আলোর পরিচয় পেয়ে তাঁদের বক্তব্য তুলে ধরেন।
জলিল সিকদার বলেন, ওই জমি তাঁদের তিন ভাইয়ের। যাঁরা এই জমি নিজেদের বলে দাবি করছেন, তাঁদের জমি অন্য দাগে। জলিলরা তাঁদের নিজেদের জমিতে টিকে থাকতে ৩ শতাংশ জমি আওয়ামী লীগ কার্যালয়ের জন্য দান করেছেন। দলীয় কার্যালয়ের সাইনবোর্ড সাঁটানোর কারণে এখন আর বিরোধীপক্ষ এ জমিতে আসতে সাহস পাচ্ছে না।
শামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘৩ শতাংশ জমি আমরা তিন ভাই মিলে আওয়ামী লীগ কার্যালয়ের জন্য দান করেছি। স্থানীয় আওয়ামী লীগই ওই ছাপরাঘর তুলে দলীয় সাইনবোর্ড সাঁটিয়ে দিয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে ওই ঘর তোলার দিন আমিও ছিলাম। তাই সাইনবোর্ড সাঁটিয়ে জমি দখল করা হয়নি। আমরা আমাদের জমিই দখল করেছি।’
‘সাইনবোর্ড সাঁটানোর সঙ্গে আমরা জড়িত নই’, এমন মন্তব্য করেন যাদবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোনায়েম হোসেন। তিনি বলেন, ‘আমাদের দলীয় কার্যালয়ের নামে জমি লিখে দিয়েছে কি না, তা জানা নেই। এ ছাড়া আমরা দলীয় কার্যালয়ের জন্য বিতর্কিত কোনো জমি গ্রহণ করব না।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। বিতর্কিত জমিতে দলীয় কার্যালয়ের সাইনবোর্ড থাকলে সেই সাইনবোর্ড সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। যাঁরা সাইনবোর্ড দিয়ে জমি দখলের সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।