সখীপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে দরপত্র ছিনতাইয়ের অভিযোগ
টাঙ্গাইলের সখীপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) মহিলা সদস্যের হাত থেকে খেয়াঘাট ইজারার দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপির ওই মহিলা সদস্য উপজেলা আওয়ামী লীগের একজন নেতা ও তাঁর ছেলের বিরুদ্ধে সখীপুর থানায় অভিযোগ দিয়েছেন।
পুলিশ সূত্র জানায়, সখীপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম ওরফে নবু (৫০) ও তাঁর ছেলে লিঙ্কন মিয়ার (২৫) বিরুদ্ধে দরপত্র ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আর তাঁদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন উপজেলার বহেড়াতৈল ইউপির সংরক্ষিত (৭, ৮, ৯) ওয়ার্ডের সদস্য রেনু আক্তার।
ইউএনওর কার্যালয় সূত্র জানায়, উপজেলার বহেড়াতৈল বাজার খেয়াঘাট এক বছরের জন্য ইজারা দেওয়ার লক্ষ্যে ২১ জুন দরপত্র আহ্বান করা হয়। শিডিউল কেনার সর্বশেষ তারিখ ছিল ২৮ জুন। ১০ জন ইজারা নেওয়ার জন্য শিডিউল কেনেন। আজ মঙ্গলবার বেলা ১টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়। বেলা ১১টায় আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম প্রথম দরপত্র জমা দেন।
এরপর দুপুর সাড়ে ১২টার দিকে মহিলা ইউপি সদস্য রেনু বেগম দরপত্র জমা দেওয়ার জন্য ইউএনও কার্যালয়ের সামনে এলে নজরুল ইসলাম ও তাঁর ছেলে লিঙ্কন মিয়া রেনু আক্তারের কাছে থাকা দরপত্র ছিনিয়ে নেন। এ সময় রেনু বেগম ইউএনওকে বিষয়টি ফোনে জানান।
রেনু বেগম প্রথম আলোকে বলেন, ‘ওই নেতা ও তাঁর ছেলে আমার হাত থেকে জোরপূর্বক দরপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র কেড়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। দরপত্র কেড়ে নেওয়ার ফলে আমি সঠিক সময়ে জমা দিতে পারিনি। আমি ওই দুজনকে আসামি করে থানায় মামলা করেছি।’
সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ছাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইউপির ওই মহিলা সদস্য দুজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ওসি না থাকায় মামলাটি এখনো নথিভুক্ত হয়নি।
মহিলা ইউপি সদস্যের হাত থেকে দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘আমি ও আমার ছেলে কোনো দরপত্র ছিনতাই করিনি। আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
এ বিষয়ে সখীপুরের ইউএনও চিত্রা শিকারী প্রথম আলোকে বলেন, এ বিষয়ে ওই নারী বাদী হয়ে সখীপুর থানায় অভিযোগ করেছেন। খেয়াঘাটের ইজারার দরপত্র আপাতত স্থগিত করা হয়েছে।