সখীপুরে গৃহবধূ নির্যাতন মামলার তিন ঘণ্টায় আদালতে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার মাত্র তিন ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুর ১২টা ৫ মিনিটের সময় মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার এসআই ফয়সাল আহমেদ টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলার অভিযোগপত্র জমা দেন।

বাংলাদেশে সবচেয়ে কম সময় মাত্র তিন ঘণ্টার মধ্যে সব কার্যক্রম শেষ করে আদালতে মামলায় অভিযোগপত্র জমা দেওয়ার এটাই প্রথম ঘটনা বলে জানালেন সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) আবদুল মতিন।

আজ বুধবার সকাল ৯টা ৬ মিনিটে রুমি আক্তার নামে এক গৃহবধূ বাদী হয়ে তাঁর স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সখীপুর থানায় মামলা করেন। মামলা রেকর্ড হওয়ার ৩৫ মিনিট পর সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসা থেকে রুমি আক্তারের স্বামী মিজানুর রহমানকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুর ১২টার মধ্যে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামি মিজানুর রহমান উপজেলার লাঙুলিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ও  মামলার তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ প্রথম আলোকে বলেন, সকাল ৯টা ৫ মিনিটে থানায় রেকর্ড হয়। এর মাত্র ৩৫ মিনিট পর আসামিকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তারপর ঘটনাস্থল পরিদর্শন, পাঁচজনের সাক্ষ্য গ্রহণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা সনদ গ্রহণ (এমসি), ঊর্ধ্বতন কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শনসহ মামলার সব কার্যক্রম শেষে দুপুর ১২টা ৫ মিনিটে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার অভিযোগপত্র দেওয়া হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক আজ বিকেল চারটায় প্রথম আলোকে বলেন, এটা বাংলাদেশে প্রথম। মাত্র তিন ঘণ্টায় মামলার অভিযোগপত্র আদালতে জমা দিতে গিয়ে তদন্ত কর্মকর্তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। পুলিশ ইচ্ছা করলে পারে এ ঘটনা তার প্রমাণ। বিষয়টি জেলা পুলিশ সুপারসহ পুলিশ সদর দপ্তরেও অবগত করা হয়েছে।

মামলার বিবরণে যা আছে
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের ১৫ নভেম্বর মিজানুর রহমানের সঙ্গে উপজেলার দাড়িয়াপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের মেয়ে রুমির বিয়ে হয়। বিয়ের সময় রুমি আক্তারের বাবা মেয়েকে ৪ ভরি স্বর্ণালংকার দেন। বিয়ের পরের বছর মিজানুর একটি মোটরসাইকেল দাবি করেন। ওই সময় তাঁকে দেড় লাখ টাকার একটি মোটরসাইকেলও কিনে দেওয়া হয়। ২০১৭ সালে রুমির গর্ভে সন্তান আসে। আলট্রাসনোগ্রামের রিপোর্টে ‘কন্যাসন্তান’ জন্ম নেওয়ার খবর জানতে পেরে মিজানুর অখুশি হন।

মেয়ে হওয়ার কারণে অস্ত্রোপচারের সব খরচ শ্বশুরের কাছে দাবি করেন মিজানুর। মেয়ের সুখের কথা ভেবে অস্ত্রোপচারের ২০ হাজার টাকাও পরিশোধ করেন রুমির বাবা। গত দুই বছর আগে চাকরিতে সমস্যার কথা বলে শ্বশুরের কাছ থেকে আরও ৫০ হাজার টাকা আদায় করেন শিক্ষক মিজানুর।

রুমি অভিযোগ করেন, চার মাস ধরে তাঁর স্বামী মিজানুর রহমান আরও দুই লাখ টাকা দাবি করে তাঁকে নির্যাতন করছেন। এ কারণে কয়েক মাস ধরে বাবার বাড়িতে দিন কাটাচ্ছেন তিনি। মঙ্গলবার সকালে রুমি স্বামীর বাসায় গেলে তাঁকে মারধর করা হয়। পরে রুমি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আজ সকালে রুমি আক্তার স্বামীকে একমাত্র আসামি করে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে সখীপুর থানায় মামলা করেন।

উপজেলার লাঙুলিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘ওই শিক্ষক একটু দুষ্ট প্রকৃতির। দ্রুত ম্যানেজিং কমিটির সভায় ওই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’