সখীপুরে গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের কাজে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল জেলার মানচিত্র

টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর জমিতে গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) কর্মকর্তা–কর্মচারীরা। আজ রোববার দুপুরে উপজেলার সিলিমপুর গ্রামে কাদের সিদ্দিকীর পক্ষে শতাধিক লোক একত্র হয়ে বাধা দিলে জিটিসিএল কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়।

আজ গ্যাসের পাইপলাইন স্থাপন কাজে বাধা দেওয়ার সময় ওই প্রকল্পের উপপরিচালক (এপিডি) মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগের দিন শনিবার সন্ধ্যায় কাদের সিদ্দিকী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অধিগ্রহণ করা জমির মূল্য পরিশোধ না করার আগ পর্যন্ত গ্যাস সঞ্চালন পাইপলাইনের নির্মাণকাজ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন।

জানা গেছে, উপজেলার প্রতিমাবংকী ও গড়গোবিন্দপুর গ্রামে গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের কাজে স্থানীয় লোকজন বাধা দিলে ২০ মে রাতে প্রকল্প পরিচালক (পিডি) শামসুর রহমান বাদী হয়ে ওই দুই গ্রামের ৩০ জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন। ওই রাতেই পুলিশ চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সাল থেকে ‘ধনুয়া-এলেঙ্গা এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়-নকলা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প’ বাস্তবায়নের জন্য কাজ চলছে। জিটিসিএল প্রকল্পটি বাস্তবায়ন করছে। পাঁচ মাস ধরে সখীপুর অংশে ১৪ কিলোমিটারজুড়ে পাইপলাইন নির্মাণের কাজ চলছে। উপজেলার গড়গোবিন্দপুর, প্রতিমাবংকী ও সিলিমপুর গ্রামের শতাধিক ব্যক্তি তাঁদের অধিগ্রহণ করা জমির মূল্য ও গাছপালা-ঘরবাড়ির ক্ষতিপূরণ না পাওয়ায়  জিটিসিএলের কাজে বাধা দিচ্ছেন।
প্রকল্প পরিচালক (পিডি) ও মামলার বাদী শামসুর রহমান দাবি করেন, ভূমি অধিগ্রহণের কাজ অনেক আগেই শেষ হয়েছে। ভূমিমালিকদের ন্যায্য পাওনা জেলা প্রশাসকের মাধ্যমে ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। এরপরও গত পাঁচ মাসে কমপক্ষে ১০ বার কাজে বাধা দেওয়া হয়েছে। এতে প্রকল্পের কাজে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পরপর ১০ বার কাজে বাধা দেওয়ায় ঠিকাদারের কাজ ফেলে চলে যাওয়ার উপক্রম হয়েছে। বাধ্য হয়েই মামলার আশ্রয় নিতে হয়েছে।

প্রকল্প উপপরিচালক মফিজুল ইসলাম আজ রোববার প্রথম আলোকে বলেন, ‘আজ উপজেলার সিলিমপুরে প্রকল্পের কাজ করতে গিয়ে কাদের সিদ্দিকীর লোকজন আমাদের বাধা দেন। আমরা কাজ বন্ধ করে দিয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

এ বিষয়ে কাদের সিদ্দিকী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ১০০ বছর ধরে ভোগদখলে থাকা জমিগুলো খাসজমি নয়। তবে সরকার খাজনা না নেওয়ায় এ জটিলতা সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকল্প এলাকার কিছু জমির মালিকানা নিয়ে সরকার এবং স্থানীয় জনগণের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। বংশপরম্পরায় এসব জমিতে বসবাস করে আসা মানুষ মালিকানা দাবি করলেও প্রশাসন বলছে, এগুলো খাসজমি। ফলে প্রকৃত জমির মালিকেরা অধিগ্রহণের টাকা পেলেও এসব জমির মালিকানা দাবিকারী ব্যক্তিরা ক্ষতিপূরণ পাননি। এসব জমির খাজনা গ্রহণও বন্ধ রেখেছে প্রশাসন।

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী প্রথম আলোকে বলেন, ‘সিলিমপুরে কাজ করতে গিয়ে জিটিসিএলের কর্মকর্তা–কর্মচারীরা বাধার সম্মুখীন হয়েছেন বলে শুনেছি।’