সখীপুরে ছাপরা থেকে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার, মায়ের সন্দেহ ‘হত্যা’
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার দেউবাড়ী গ্রামের একটি ছাপরা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মেহেদী আসিফ (১৮) উপজেলার কৈয়ামধু গ্রামের সৌদিপ্রবাসী আবদুর রহিমের ছেলে। বাড়ি থেকে ৩০০ গজ দূরে ওই ছাপরা থেকে মেহেদী আসিফের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুবকর সিদ্দিক জানান, নিহত তরুণের মা কয়েক বছর আগে তাঁর বাবার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটিয়েছেন। তাঁর বাবাও জীবিকার সন্ধানে সৌদি আরব চলে গেছেন। স্থানীয় ব্যক্তিদের ধারণা, পারিবারিক কলহে বিষণ্নতায় ভুগে আসিফ মাদকাসক্ত হয়ে পড়েন। এসব কারণেই ওই তরুণ আত্মহত্যা করতে পারেন। ওই কর্মকর্তা আরও জানান, লাশের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মায়ের অভিযোগে হত্যায় সন্দেহ থাকায় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত এটা হত্যা না আত্মহত্যা, তা বলা যাবে না।