সখীপুরে জ্বর-শ্বাসকষ্টে মারা যাওয়া ব্যক্তির করোনা 'নেগেটিভ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন না। এমনকি তাঁর পরিবারের চার সদস্যের করোনা ‘নেগেটিভ’। আজ শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নিজ বাড়িতে ওই ব্যক্তির (৫০) মৃত্যু হয়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সন্দেহে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গত বুধবার দুপুরে তাঁর লাশ দাফন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তির মৃত্যুর খবর শুনে রাতেই মৃত ব্যক্তি ও তাঁর পরিবারের পাঁচ সদস্যের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। আজ দুপুরে আইইডিসিআর থেকে তাঁদের করোনাভাইরাস শনাক্তকরণের নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। ওই প্রতিবেদনে তাঁদের করোনা ‘নেগেটিভ’ উল্লেখ করা হয়।

এ বিষয়ে উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান মিয়া প্রথম আলোকে বলেন, মঙ্গলবার মারা যাওয়া ব্যক্তির, আশপাশের কয়েকটি বাড়ি ও দোকানপাট লকডাউন করা হয়েছিল। এখন মৃত ব্যক্তি ও তাঁর পরিবারের চার সদস্যের করোনা নেগেটিভ হওয়ায় ওই লকডাউন প্রত্যাহার করা হয়েছে।