সখীপুরে দুই শিশুকে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে দুই শিশুকে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে আজ সোমবার সকালে উপজেলার কচুয়া বাজারে মানববন্ধন হয়
প্রথম আলো

টাঙ্গাইলের সখীপুরে দুই শিশুকে ধর্ষণের ঘটনায় করা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কচুয়া বাজারে এ কর্মসূচি পালিত হয়। কচুয়া এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ ব্যক্তিরা আধা ঘণ্টা সাগরদিঘি-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন। এ সময় সড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তারে পুলিশকে সময়সীমা বেঁধে দেন। মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় কিন্ডারগার্টেনের শতাধিক শিশু ও এলাকাবাসী অংশ নেন।

দুই শিশুকে ধর্ষণ মামলার আসামি সখীপুরের হায়দার আলী (৪৮)। তিনি উপজেলার কচুয়া বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। তাঁর বিরুদ্ধে সখীপুর থানায় প্রতারণাসহ আরও চারটি মামলা আছে।

গত ২২ জানুয়ারি বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে হায়দার আলী ৬ ও ৯ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ করেছেন—এমন অভিযোগে ১ মার্চ এক শিশুর বাবা সখীপুর থানায় মামলা করেন। মামলা হওয়ার এক সপ্তাহ পার হলেও পুলিশ অভিযুক্ত ব্যবসায়ীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।

মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন কচুয়া পাবলিক উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ইদ্রিস সিকদার, কালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও স্থানীয় ছাত্রলীগ নেতা দেওয়ান ফাহিম ফয়সাল।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভুইঁয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার ওই দুই শিশুর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।