সখীপুরে নকল পানীয় কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে নকল পানীয় ও যৌন উত্তেজক সিরাপের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাতে সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধুমখালী এলাকার একটি বাড়িতে এ কারখানার সন্ধান পাওয়া যায়। 
পুলিশ ওই কারখানা থেকে এক হাজার ৭০০ বোতল ভেজাল পানীয় (এনার্জি ড্রিংক) ও যৌন উত্তেজক সিরাপ, দুই হাজার ৫০০ খালি বোতল, ২৫ লিটার ভেজাল সয়াবিন তেল, আট হাজার লেভেলসহ কারখানার নানা সরঞ্জাম জব্দ করে সখীপুর থানায় নিয়ে আসে। এ সময় রকিব আহমেদ (২০) নামের কারখানার এক কারিগরকে গ্রেপ্তার করা হয়। মালিকসহ বাকি কারিগর ও শ্রমিকেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
সখীপুর থানা সূত্রে জানা যায়, ধুমখালী এলাকার হায়েত আলীর ঘর দুই মাস আগে আশরাফ আলী (৩০) নামের এক ব্যক্তি ভাড়া নেন। আশরাফ সেখানে নকল পানীয়, যৌন উত্তেজক সিরাপসহ নয়টি ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভেজাল ওষুধ ও খাবার বোতলজাত করছিলেন। পরে সেগুলো বাজারে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সখীপুর থানা-পুলিশের একটি দল ওই কারখানায় অভিযান চালায়।
বাড়ির মালিক হায়েত আলী জানান, কারখানার জন্য মাসিক দুই হাজার টাকা ভাড়ায় আশরাফ আলী তাঁর কাছ থেকে বাসাটি ভাড়া নেন। আশরাফ যে নকল জিনিস তৈরি করতেন, তা তিনি জানতেন না।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ বলেন, কারখানার মালিক আশরাফ আলীকে আসামি করে ভেজাল পানীয় তৈরি, লাইসেন্সবিহীন নকল যৌন উত্তেজক সিরাপ তৈরিসহ বিভিন্ন অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।