সখীপুরে পা ও মাথাবিহীন গলিত লাশ উদ্ধার
টাঙ্গাইলের সখীপুরে দুই পা ও মাথাবিহীন গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা গ্রামের গড়ানিচালা এলাকার পাবতার খাল থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সখীপুর থানার উপপরিদর্শক মজিবর রহমান বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গতকাল রাত সাড়ে ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের মাথা ও দুই পায়ের হাঁটু থেকে নিচ পর্যন্ত ছিন্ন ছিল। ডিএনএ পরীক্ষা ছাড়া লাশের পরিচয় উদ্ধার করা সম্ভব নয়।
উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম প্রথম আলোকে বলেন, খালটি মূলত ময়মনসিংহের ভালুকা উপজেলা সীমান্তে পড়েছে। ভালুকার পুলিশ লাশটি গ্রহণ করেনি। পরে তাঁরা জেনেছেন, লাশটি যেখানে ভেসে ছিল, সেটা সখীপুর উপজেলার সীমানার অংশে পড়েছে। পরে সখীপুর থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।